বাংলাদেশে জন্ম নেওয়া এবং বর্তমানে সিঙ্গাপুরে বসবাসরত সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ফোর্বসের সিঙ্গাপুর ধনীর তালিকায় ৪৯তম অবস্থান করেছেন। তার নিট সম্পদ বর্তমানে ১১০ কোটি ডলার। ২০২৪ সালের তালিকায় তিনি ছিলেন ৪১তম স্থানে।
সামিট গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে বিস্তৃত। ২০১৯ সালে আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করেন।
আজিজ খানের নাম ফোর্বসের সিঙ্গাপুর তালিকায় প্রথমবার উঠে আসে ২০১৮ সালে। তখন তার সম্পদ ছিল ৯১ কোটি ডলার। ২০১৯ সালে কিছুটা কমে গেলেও পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পায়। ২০২০ সালে তার সম্পদ দাঁড়ায় ৯৫ কোটি ৫০ লাখ ডলার, ২০২১ সালে ৯৯ কোটি, ২০২২ সালে ১০০ কোটি এবং ২০২৩ সালে ১১২ কোটি ডলার। চলতি বছর তা কিছুটা কমে ১১০ কোটি ডলারে এসেছে।
ফোর্বসের তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে আজিজ খান শুধু সিঙ্গাপুরের ধনীদের মধ্যে নয়, বাংলাদেশের নামও আন্তর্জাতিক অর্থনীতির মানচিত্রে তুলে এনেছেন। সামিট গ্রুপের ব্যবসায়িক বিস্তার এবং বিভিন্ন খাতে বিনিয়োগ তার সম্পদের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।

