মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুতনিক বলেছেন, রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত আপাতত অনড় থাকলেও শেষ পর্যন্ত তারা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে ফিরে আসবে।
ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুতনিক বলেন, ‘আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে। তারা দুঃখ প্রকাশ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে।’ তিনি সতর্ক করে দেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তাহলে তাদের যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসতে পারে।
লুতনিকের মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর, অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি।’ এর পর তিনি ব্যঙ্গাত্মকভাবে তিন দেশের ‘সমৃদ্ধ’ ভবিষ্যৎ কামনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি প্রকাশ্যে দিল্লি, মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক স্বীকার করেছেন।
লুতনিক ভারতকে কটাক্ষ করে বলেন, ‘এটা পুরোটাই মিথ্যা অহংকার। সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করতে ভালো লাগে কিন্তু শেষ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমেরিকার সঙ্গে চুক্তি চাইবেই।’ শুল্ক এড়ানোর পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত তাদের বাজার খুলতে চায়, রুশ তেল কেনা বন্ধ করতে চায় না এবং ব্রিকসের অংশ হওয়া বন্ধ করতে চায় না। যদি তোমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক রাখো, রাখো। কিন্তু ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করো, নয়তো ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। দেখা যাক এটা কত দিন চলে।’
রাশিয়ার তেল কেনার বিষয়ে লুতনিক বলেন, ‘তেলটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও সত্যিই খুব সস্তা। রুশরা ক্রেতা খুঁজছে। ভারতীয়রা বলেছে, ধুর, বাদ দাও! সস্তায় কিনি আর প্রচুর টাকা বানাই।’ এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত নিঃসন্দেহে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। তিনি সিএনবিসি টিভি ১৮-কে বলেন, ‘রুশ তেল হোক বা অন্য কিছু, আমরা আমাদের প্রয়োজন অনুসারে দাম, সরবরাহ বা অন্য কোনো বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

