ফ্যাশন জগতের কিংবদন্তি জর্জিও আরমানি আর নেই। ৯১ বছর বয়সে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ১৯৭৫ সালে স্থপতি সার্জিও গালিওত্তিকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত ব্র্যান্ড ‘জর্জিও আরমানি’। গালিওত্তির মৃত্যুর পর ১৯৮৫ সাল থেকে শেষ দিন পর্যন্ত ব্র্যান্ডের সৃজনশীলতা ও পরিচালনা নিজের হাতে রেখেছিলেন তিনি।
আরমানির কোনো সন্তান নেই। তাই তার কোম্পানির উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের সদস্যদের মধ্যে ছোট বোন রোসানা, দুই ভাগনি সিলভানা ও রবার্তা এবং ভাগ্নে আন্দ্রেয়া কামেরানা গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। পাশাপাশি দীর্ঘদিনের সহকারী পান্তালেও ডেল’অর্কোও উত্তরাধিকার কাঠামোয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এ পাঁচজনই এখন কোম্পানির সম্ভাব্য উত্তরাধিকারী। তবে তার উইল খোলার পর বিষয়টি স্পষ্ট হবে।
কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় আরমানি আগেই পদক্ষেপ নিয়েছিলেন। ২০১৬ সালে তিনি ‘আরমানি ফাউন্ডেশন’ গড়ে তোলেন। লক্ষ্য ছিল কোম্পানির স্বাধীনতা রক্ষা, শেয়ার ও পরিচালনার নীতি নিশ্চিত করা। বর্তমানে ফাউন্ডেশন ০.১ শতাংশ শেয়ার ধরে রেখেছে। তার মৃত্যুর পর এটি বড় অংশীদার হয়ে উঠবে। ফাউন্ডেশন তিনজন মনোনীত পরিচালক দ্বারা পরিচালিত হবে।
আরমানি কোম্পানির নতুন নিয়মও তৈরি করেছিলেন, যা তার মৃত্যুর পর কার্যকর হবে। এতে শেয়ারহোল্ডারদের ভোটাধিকার, অধিগ্রহণ নীতি ও শেয়ারবাজারে তালিকাভুক্তির শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কোম্পানি কেবল পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে এবং প্রতিষ্ঠার পঞ্চম বছরের পরেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে। সৃজনশীল দায়িত্ব নিয়েও ছিল তার পরিকল্পনা। ভাগনি সিলভানা নারীদের সংগ্রহের ডিজাইনে কাজ করেছেন, আর পান্তালেও ডেল’অর্কো পুরুষদের সংগ্রহে। ফাউন্ডেশন এই নীতিমালা বাস্তবায়ন করে দায়িত্ব ভাগ করবে।
কোম্পানির চেয়ারম্যান ও সিইও নিয়োগও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের সহযোগী জিউসেপ্পে মারসোচি বা দানিয়েলে ব্যালোস্ট্রাজি এ পদে দায়িত্ব নিতে পারেন। আরমানি চেয়েছিলেন কোম্পানির স্বকীয়তা বজায় রাখতে ধাপে ধাপে দায়িত্ব হস্তান্তর ও উত্তরাধিকারীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কোম্পানির রাজস্ব ছিল ২.৩ বিলিয়ন ইউরো। এর অর্ধেক এসেছে ইউরোপ থেকে, বাকি অংশ আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে। ২০২৪ সালের শেষে কোম্পানির হাতে ছিল ৫৭০ মিলিয়ন ইউরো নিট ক্যাশ, যা ভবিষ্যৎ বিনিয়োগ ও স্থিতিশীলতার জন্য শক্ত ভিত গড়ে দেবে।
আরমানি সবসময় চাইতেন তার কোম্পানি ছোট হলেও শক্তিশালী ও স্বাধীনভাবে পরিচালিত হোক। এজন্য ফ্ল্যাগশিপ স্টোর পুনর্নির্মাণ, পালাজ্জো আরমানি প্রকল্প, ই-কমার্স উন্নয়নসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন তিনি। এখন তার উত্তরাধিকারীরা ফাউন্ডেশন ও পরিবারের মাধ্যমে কোম্পানির সৃজনশীলতা ও স্বতন্ত্রতা বজায় রাখবেন।

