বাংলাদেশে দেড় কোটির বেশি প্রবাসী প্রতিবছর আয় পাঠান দেশে। ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে এ প্রক্রিয়া এখন অনেক সহজ ও দ্রুত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন ও স্টেবলকয়েন ব্যবহারের মাধ্যমে প্রবাসী আয় বৈধ পথে আসা আরও বাড়ানো সম্ভব।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ‘বাংলাদেশের রেমিট্যান্সের পরিবর্তিত চিত্র ও উদীয়মান সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এই মত দেন বক্তারা। এমএফএস প্রতিষ্ঠান বিকাশ আয়োজিত এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দিনব্যাপী কর্মশালায় ছিল তিনটি অধিবেশন।
প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ। তিনি বলেন, আগে ব্যাংকের প্রতিনিধিরা বিদেশে গিয়ে শ্রমিকদের লেনদেন বাড়াতে কাজ করতেন। এখন এমএফএস ও অর্থ স্থানান্তর প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী আয় পুরোপুরি ডিজিটাল হয়েছে। এই কর্মশালা থেকে আগামী এক বছরের জন্য একটি রোডম্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
একই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকাশের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান। তিনি জানান, দেশের প্রায় দেড় কোটি মানুষ বিশ্বের ১৭৬টি দেশে আছেন। তবে এখনো ৫০ শতাংশের বেশি শ্রমিক অদক্ষ। এ কারণে প্রবাসী আয় প্রত্যাশিত হারে বাড়ছে না।
প্যানেল আলোচনায় ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা শাহরিয়ার জামিল বলেন, আগে প্রবাসী আয় মানেই ছিল ক্যাশ ওভার দ্য কাউন্টার। গ্রাহকদের দূরে গিয়ে টাকা তুলতে হতো। এতে সময় ও খরচ দুটোই বেশি ছিল। বর্তমানে প্রায় ৭০ শতাংশ প্রবাসী আয় ডিজিটাল মাধ্যমে আসে। তবে নগদ অর্থের চাহিদা একেবারেই কমেনি।
ট্রাস্ট ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান জহুরুল করিম চৌধুরী বলেন, বৈদেশিক মুদ্রার সংকটে প্রবাসী আয়ের গুরুত্ব বাড়ছে। তবে তদারকি ও নীতিনির্ধারণের কারণে অনেক সময় ব্যাংকের প্রবাসী আয় গ্রহণে নেতিবাচক প্রভাব পড়ে।
দ্বিতীয় অধিবেশনে বিকাশের মহাব্যবস্থাপক জয়ন্ত সেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, প্রবাসী আয়নির্ভর পরিবারগুলোর ৯২ শতাংশ এখন স্মার্টফোন ব্যবহার করে এবং এদের ৭৭ শতাংশ ইন্টারনেট সংযুক্ত। তৃতীয় অধিবেশনে বক্তব্য দেন ফিনটেক স্টার্টআপ ট্যাপট্যাপ সেন্ডের হেড অব গ্রোথ সুদর্শন শুভাশীষ দাস। তিনি বলেন, মানুষ এখন টাকা পাঠাতে চান দ্রুত, সহজ ও কম খরচে। কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রক্রিয়ায় নতুন সুবিধা যোগ করেছে। কর্মশালায় আরও বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নন রেসিডেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান খন্দকার আসিফ খালেদসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

