দেশের পুঁজিবাজারকে টেকসই ও বিনিয়োগবান্ধব করতে সঠিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, তথ্যভিত্তিক সংবাদ বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
গতকাল শুক্রবার রাঙামাটিতে আয়োজিত এক আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেয়ারবাজারের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয় ছিল ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফিন্যান্সিয়াল স্টেটমেন্টস’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন এসিএফই বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম কবির ও সিএফই আরিফ মাহমুদ।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা প্রথমে তথ্য সংগ্রহ করেন সংবাদমাধ্যমের মাধ্যমে। তাই সাংবাদিকরা যদি সঠিক ও গবেষণাধর্মী প্রতিবেদন তৈরি করেন, তবে বাজার স্থিতিশীল হবে এবং মূলধন গঠনের পথ সুগম হবে। তিনি আরও বলেন, আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ কেবল সাংবাদিকদের জন্য নয়; বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ মানুষের জন্যও সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা অনিয়ম খালি চোখে ধরা পড়ে না, কিন্তু গভীর বিশ্লেষণ তা স্পষ্ট করে।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের বিশ্লেষণধর্মী দক্ষতা বাড়াবে। ফলে সংবাদ হবে প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নিরপেক্ষ সাংবাদিকতা শুধু তথ্য প্রকাশ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। অপ্রমাণিত খবর বা গুজব বাজারে অস্থিতিশীলতা তৈরি করে। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও তথ্যভিত্তিক।” বাজারকে সাংবাদিকদের ‘আয়না’ আখ্যা দিয়ে তিনি বলেন, “যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করবেন, তত বেশি আস্থা বাড়বে বিনিয়োগকারীদের, বাজারও হবে শক্তিশালী।”
বিএসইসি চেয়ারম্যান জানান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠান সব সময় সহযোগিতা করছে এবং করবে। তিনি বলেন, শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও সিএমজেএফকে যুক্ত করেছি। আপত্তি থাকলেও আমাদের লক্ষ্য একটাই—সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করা। এতে তাদের দক্ষতা বাড়বে, বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।” কর্মশালার প্রশংসা করে তিনি বলেন, “স্বচ্ছতা, জবাবদিহি ও তথ্যভিত্তিক বাজারব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না।”

