ব্রিটিশ জনগণের দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতির প্রত্যাশা চলতি মাসে বেড়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত সিটি ব্যাংক ও জরিপ সংস্থা ইউগভ-এর যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। এ কারণে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) সুদের হার কমানোর ক্ষেত্রে এখনো সতর্ক অবস্থান নিয়েছে।
জরিপে দেখা যায়, আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য জনগণের মুদ্রাস্ফীতি প্রত্যাশা সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে ৪.১ শতাংশে। যা আগস্টে ছিল ৩.৯ শতাংশ। তবে এটি জুলাইয়ের ৪.২ শতাংশ এবং জুনের ৪.৩ শতাংশের চেয়ে কম। অন্যদিকে, স্বল্পমেয়াদি মুদ্রাস্ফীতি প্রত্যাশা টানা তিন মাস ধরে অপরিবর্তিত থেকে ৪ শতাংশেই আছে।
সিটি জানিয়েছে, এই দীর্ঘমেয়াদি প্রত্যাশার প্রবণতা অন্য জরিপেও প্রতিফলিত হয়েছে। এর মধ্যে ব্যাংক অব ইংল্যান্ডের ব্যবসায়ীদের ওপর করা মাসিক জরিপও রয়েছে। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার ৪ শতাংশেই ধরে রাখে। পাশাপাশি তারা ইঙ্গিত দেয়, ঋণখরচ কমানোর গতি শ্লথ হতে পারে। কারণ অর্থনীতিতে এখনো মুদ্রাস্ফীতির চাপ বিদ্যমান।
অগাস্টে ব্রিটেনে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.৮ শতাংশে। যা জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ব্যাংক অব ইংল্যান্ড পূর্বাভাস দিয়েছে, সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি ৪ শতাংশে পৌঁছাতে পারে। যা তাদের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার দ্বিগুণ। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, ২০২৭ সালের বসন্তে গিয়ে মুদ্রাস্ফীতি আবারও ২ শতাংশে নেমে আসবে।

