প্রথমবারের মতো বাংলাদেশের জন্য বিদেশি ঋণ গ্রহণে সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থার শর্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না।
গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড়ের পর প্রকাশিত আইএমএফের বাংলাদেশ কান্ট্রি রিপোর্টে এই শর্ত উল্লেখ করা হয়। পরবর্তী কিস্তি পেতে দেওয়া শর্তগুলোর মধ্যে এটি অন্যতম। শর্ত অনুযায়ী, ঋণ গ্রহণে প্রান্তিক ভিত্তিক সীমা থাকবে। প্রথম তিন মাসে সর্বোচ্চ ১৯১ কোটি, ছয় মাসে ৩৩৪ কোটি, নয় মাসে ৪৩৪ কোটি এবং পুরো অর্থবছরে সর্বোচ্চ ৮৪৪ কোটি ডলার ঋণ নিতে পারবে বাংলাদেশ। আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৮৫৭ কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছে। চলতি অর্থবছরের জুলাই মাসেই ঋণ নেওয়া হয়েছে ২০ কোটি ২৪ লাখ ডলার। তাই গত বছরের তুলনায় এ বছর সরকারকে কিছুটা কম ঋণ নিতে হবে। আইএমএফ ২০২৩ সালে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করলেও তখন ঋণ সীমার কোনো শর্ত ছিল না। তবে গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের পর ঋণের পরিমাণ ৮০ কোটি ডলার বাড়ানো হয় এবং মেয়াদও ছয় মাস বাড়ে। এরপর নতুন শর্ত যোগ হয়। এ পর্যন্ত বাংলাদেশ এই কর্মসূচি থেকে মোট ৩৬০ কোটি ডলার পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইএমএফের সর্বশেষ ঋণ স্থায়িত্ব বিশ্লেষণ (ডিএসএ) অনুযায়ী নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। ওই বিশ্লেষণে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশকে ধারাবাহিকভাবে ‘মধ্যম ঝুঁকির’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগে দেশটি ছিল ‘কম ঝুঁকি’ পর্যায়ে। অর্থাৎ রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনায় ঋণ পরিশোধের চাপ বেড়েছে। ডিএসএতে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ঋণ ও রপ্তানির অনুপাত দাঁড়ায় ১৬২ দশমিক ৭ শতাংশে, যা পূর্বাভাসিত ১১৬ থেকে ১১৮ শতাংশের তুলনায় অনেক বেশি। বিদেশি ঋণ ও রাজস্বের অনুপাতও বেড়েছে। এসব কারণে সরকারের নতুন ঋণ গ্রহণের সক্ষমতা কমেছে।
সাবেক সিএজি ও অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ অনেক বেড়েছে। কারণ এগুলো বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। জ্বালানিসহ বিভিন্ন খাতে ঋণ পরিশোধের দায় বিবেচনায় আইএমএফ এই শর্ত দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও ঝুঁকি চিহ্নিত করেছে। তিনি আরও বলেন, পাচার কমে যাওয়া এবং রেমিট্যান্স বৃদ্ধির কারণে রিজার্ভ কিছুটা বেড়েছে। তবে এটি মধ্য ও দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে পাচার বন্ধ থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। তাই ঋণ গ্রহণে সীমা থাকা প্রয়োজন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্প ও করোনা খরচের কারণে বিদেশি ঋণ দ্রুত বেড়েছিল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ বছরে বাংলাদেশের ঋণ তিনগুণের বেশি বেড়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম।
সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক ঋণ ছিল ২০৩ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০২ কোটি ডলারে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশি ঋণ আগের বছরের তুলনায় কম, তাই উদ্বেগের কিছু নেই।

