বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। কয়েক মাস আগেও যেখানে এটি ছিল ১২.৫ শতাংশ, তা এখন নেমে এসেছে ৮.৩ শতাংশে।
গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের টেকসই উত্তরণের কৌশল বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটি’র বৈঠকে গভর্নর এসব তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বিস্তারিত জানান।
গভর্নর বলেন, “আমরা এখনো ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা পুরোপুরি পুনরুদ্ধার করতে পারিনি। তবে চলমান সংস্কারে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে এবং ইতিবাচক ফল দেখা যাচ্ছে।” তিনি জানান, বর্তমানে বাংলাদেশ পাঁচ মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রেখেছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি আরও কমে প্রায় ৭ শতাংশে নামতে পারত, কিন্তু চালের দামের সাময়িক বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চালের দাম আবার কমতে শুরু করায় আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি আরও হ্রাস পাবে।
ড. মনসুর বলেন, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ২৪ শতাংশে পৌঁছেছে। এটি মূলত পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের সময়ে ব্যাপক দুর্নীতি ও ব্যাংক লুটের ফল, যা ব্যাংক খাতের সার্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক এখন এই খেলাপি ঋণ ২৪ শতাংশ থেকে কমিয়ে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর্থিক খাত পুনর্গঠনের অংশ হিসেবে গভর্নর বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করা হবে এবং নয়টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (লিজিং কোম্পানি) ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে।
উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহ দিতে ৯০০ কোটি টাকার একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ৬০০ কোটি টাকা দেবে বলে জানান গভর্নর। তিনি বলেন, রাজস্ব আয় বাড়ানো ও নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমাতে দেশে একটি ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যবসায়িক সংগঠন থেকে অংশ নেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ ও বিএপিআই সভাপতি আব্দুল মুকতাদির।

