বাংলাদেশের গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ কোটি ডলার (প্রায় এক হাজার কোটি টাকা) ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) কর্মসংস্থান ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এই ঋণ দেওয়া হবে।
এই অর্থায়ন ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ-২)’ নামে একটি প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে চুক্তি স্বাক্ষর হয়েছে।
ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে। প্রকল্পটি পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে উৎসাহ দেবে, যা নতুন বাজার ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।
এডিবি জানায়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত অনেক উদ্যোক্তা এখনও ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর ফলে গ্রামীণ অঞ্চলে টেকসই ও বাণিজ্যিকভাবে কার্যকর ক্ষুদ্র উদ্যোক্তাদের সংখ্যা ও পরিসর উভয়ই বাড়বে।
প্রকল্পের আওতায় ৯ লাখ ৫০ হাজার ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।
এ ছাড়া নারী উদ্যোক্তাদের আর্থিক সেবা ও ব্যাংক ঋণে প্রবেশাধিকার বাড়াতে বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হবে। আয়োজন করা হবে ওয়ার্কশপ, সবুজ অর্থায়ন পরিকল্পনা এবং ভ্যালুচেইন-ভিত্তিক অর্থায়ন কাঠামোও গড়ে তোলা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন,
“বাংলাদেশ অর্থনীতিকে বৈচিত্র্যময় ও টেকসই রূপান্তরে কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের বিকাশই হবে দারিদ্র্য হ্রাস, আঞ্চলিক বৈষম্য কমানো এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, প্রকল্পটির মাধ্যমে বিশেষ করে নারীদের মালিকানাধীন গ্রামীণ উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি মূলধনের সহজলভ্যতা পাবেন। একই সঙ্গে তাদের দক্ষতা ও ব্যবসা ব্যবস্থাপনা উন্নত করতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ব্যাংকগুলোর কারিগরি সক্ষমতাও বাড়ানো হবে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বর্তমানে ৬৯টি দেশের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন খাতে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।

