বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে উন্নীত হবে—যা দেশের অর্থনৈতিক যাত্রার একটি ঐতিহাসিক মাইলফলক। তবে এই পরিবর্তন যেমন নতুন সুযোগ সৃষ্টি করবে, তেমনি কিছু চ্যালেঞ্জও আনবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করে বলে তিনি জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে টার্মিনালটি চালু করতে আগ্রহী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য একজন অপারেটর নিয়োগের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন, বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এটি বাংলাদেশের রপ্তানি খাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।
তিনি আরো বলেন, তার সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করা। নতুন বাণিজ্য সুযোগ অনুসন্ধান এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

