২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে দাঁড়িয়েছে ১৪৪০১ বিলিয়ন টাকায়। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৩১৭৭ বিলিয়ন টাকা।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির হার ৩.৩৫ শতাংশ হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২.১৪ শতাংশ। তথ্যটি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশ করেছে। বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি যথাক্রমে ১.৯৬, ৪.৪৮ ও ৪.৮৬ শতাংশ। তুলনায় ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৫.৮৭, ৪.৪৭ ও ৪.৬২ শতাংশ। চার প্রান্তিকের সম্মিলিত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের মোট প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৬৯ শতাংশে।
কৃষিখাতে চতুর্থ প্রান্তিকে স্থির মূল্যে প্রবৃদ্ধি হয়েছে ৩.০১ শতাংশ, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ৪.১১ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ০.৭৬, ১.২৫ ও ২.৪২ শতাংশ। শিল্পখাতের অবস্থা তুলনামূলক ভালো। চতুর্থ প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.১০ শতাংশ, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ১.০৮ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪৪, ৭.১০ ও ৬.৯১ শতাংশ। সেবা খাতের প্রবৃদ্ধি চতুর্থ প্রান্তিকে হয়েছে ২.৯৬ শতাংশ, আগের অর্থবছরে যা ছিল ৩.৬১ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪১, ৩.৭৮ ও ৫.৮৮ শতাংশ।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “২০২৪-২৫ অর্থবছরের প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরের তুলনায় কম হবে। প্রাথমিক অনুমান ৩.৯৭ শতাংশ ছিল, কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী এতে পৌঁছানো সম্ভব নয়।” তিনি এটিকে কোভিড পরবর্তী সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, “রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও অনিশ্চয়তা সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে আঘাত করেছে। ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও সেবাখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ড. জাহিদ জানান, পরিবহন, পাইকারি ও খুচরা ব্যবসা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। শিল্পখাতের দুর্বলতা মূলত রপ্তানিমুখী শিল্পে মন্দার কারণে দেখা দিয়েছে। তুলনায় কৃষিখাত ভালো করেছে, বিশেষ করে বোরো মৌসুমের ভালো ফলনে। তিনি বলেন, “সার্বিকভাবে এ বছরের মন্থর জিডিপি প্রবৃদ্ধি রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্নের সম্মিলিত প্রভাবের প্রতিফলন।”

