বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও বাংলাদেশ রপ্তানি করছে ১ বিলিয়ন ডলারেরও কম। কার্যকর হালাল ইকোসিস্টেম ও স্বতন্ত্র কর্তৃপক্ষের অভাবে বাংলাদেশ এ খাতে পিছিয়ে আছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের হালাল শিল্পখাতের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় এসব তথ্য উঠে আসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি প্রায় ৮৫০ মিলিয়ন ডলার, যার বড় অংশই কৃষিভিত্তিক। অথচ বৈশ্বিক বাজার দ্রুত বাড়ছে এবং ২০৩৪ সালের মধ্যে এটি ৯.৪৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। হালাল শিল্পের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক মান বজায় না রাখা, পরীক্ষাগার স্বল্পতা, সনদ প্রদানে জটিলতা ও দক্ষ জনবলের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফোকাস গ্রুপ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআই উভয় প্রতিষ্ঠান হালাল সনদ দেয়, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। আধুনিক যন্ত্রপাতির অভাব, ব্র্যান্ডিং সংকট, এসএমই খাতে অংশগ্রহণের ঘাটতি ও সমন্বিত নীতিমালার অভাবও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বিডার মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আরিফুল হক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রাণী কর্মকার, বিএসটিআইর উপপরিচালক (হালাল সার্টিফিকেশন) এসএম আবু সাইদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ডা. মো. আবু সালেহ পাটোয়ারী, বেঙ্গল মিটের এজিএম সায়েদুল হক ভূঁইয়া, মেটামরফোসিসের ব্যবস্থাপনা পরিচালক সাদিক এম আলম এবং প্যারাগন গ্রুপের সহকারী ম্যানেজার (এক্সপোর্ট) মো. আবুল কালাম আজাদ।
মো. আবুল কালাম আজাদ বলেন, হালাল পণ্যে ডিজিটাল সার্টিফিকেট প্রদান ও উৎপাদন পর্যায়ে কমপ্লায়েন্স অডিট চালু করা সময়ের দাবি। বেঙ্গল মিটের সায়েদুল হক ভূঁইয়া মনে করেন, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পশুর জীবনবৃত্তান্ত সংরক্ষণ করলে আন্তর্জাতিক বাজারে পণ্যের বিশ্বাসযোগ্যতা বাড়বে। ইসলামিক ফাউন্ডেশনের ডা. আবু সালেহ পাটোয়ারী বলেন, একক কোনো সরকারি প্রতিষ্ঠানের পক্ষে হালাল সনদ দেওয়া সম্ভব নয়, তাই সমন্বিত উদ্যোগ জরুরি।
ইপিবির মহাপরিচালক বেবী রাণী কর্মকার জানান, বৈশ্বিক হালাল বাজার প্রতি বছর প্রায় ১২.৮ শতাংশ হারে বাড়ছে। তাই সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় এ খাতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে হবে। বিডার মহাপরিচালক মো. আরিফুল হক বলেন, এলডিসি উত্তরণের পর রপ্তানি সম্প্রসারণে হালাল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সরকার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি বিবেচনা করছে।

