নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে হস্তান্তর করা হবে। বন্দরের সক্ষমতা বাড়ানো এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজশিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, “তিনটি টার্মিনালের মধ্যে পানগাঁও হস্তান্তরে কিছুটা সময় লাগবে। এনসিটি অক্টোবরের মধ্যে দেওয়ার কথা থাকলেও কিছুটা দেরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিক ও ভৌগোলিক বিষয় রয়েছে। তবে এটা বড় কোনো সমস্যা নয়। শ্রীলংকা, ভারতসহ অনেক দেশেই বিদেশি অপারেটর বন্দর পরিচালনা করছে, সেখানে সমস্যা হয়নি।”
মোহাম্মদ ইউসুফ বলেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। এখন বন্দরের ভেতরেই কনটেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে—যা পৃথিবীর কোথাও হয় না। বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ছয়টিতে স্ক্যানিং মেশিন আছে, তারও ৩–৪টি প্রায় সময় নষ্ট থাকে। এভাবে বন্দর চালানো সম্ভব নয়। এজন্যই বিদেশি অপারেটর আনার পরিকল্পনা করা হয়েছে। এতে বিদেশি বিনিয়োগও বাড়বে।”
বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সচিব বলেন, “তারা প্রথমে আপত্তি জানায়, কিন্তু পরে পরিস্থিতি দেখে আর কথা বলেন না।”
বন্দরের উন্নয়নে খরচ বাড়বে—এতে ব্যবসায়ীরা কীভাবে সামলাবে—এ প্রশ্নে তিনি বলেন, “সেবার মান বাড়ালে জাহাজের অযথা অবস্থান কমবে, ড্যামারেজও হ্রাস পাবে। ফলে সামান্য খরচ বাড়লেও ব্যবসায়ীরা তা বহন করতে পারবেন।”
সেমিনারে ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে বক্তব্য দেন সমুদ্রগামী জাহাজশিল্প মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আজম জে চৌধুরী বলেন, “দেশে সরকারি ও বেসরকারি জাহাজ দুই ধরনের পতাকার অধীনে চলছে। সরকারি টাকায় কেনা পণ্য দেশের পতাকাবাহী জাহাজেই পরিবহনের নিয়ম থাকলেও বেসরকারি জাহাজের পতাকা কোন দেশের—এ প্রশ্ন থেকেই যাচ্ছে।”
মূল প্রবন্ধে ড. জায়েদী সাত্তার বলেন, “জাহাজভাঙা ও ছোট জাহাজ নির্মাণ খাত বড় জাহাজ তৈরির ভিত্তি তৈরি করেছে। বর্তমানে প্রায় ২০০ মিলিয়ন ডলারের রপ্তানি কার্যাদেশ রয়েছে। সময়মতো সরবরাহ করা গেলে এ অর্ডার আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “বৈশ্বিক বাণিজ্য এখন ইতিবাচক অবস্থায় আছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে জাহাজ নির্মাণশিল্পকে দুই বিলিয়ন ডলারের খাতে উন্নীত করা সম্ভব।”

