রমজান মাসকে সামনে রেখে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়েও বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে কোনো উদ্বেগ নেই।
সূত্র জানিয়েছে, এবার রমজানের জন্য নির্ধারিত চাহিদার তুলনায় বেশি পরিমাণে ভোগ্যপণ্য আমদানি করা হবে। প্রয়োজনে এই পণ্য রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যাতে আমদানিতে কোনো বাধা সৃষ্টি না হয়। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে ক্রয় প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালু থাকবে।
২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগে ডলার সংকট থাকায় আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার সরবরাহ করতে হতো, কিন্তু এখন ব্যাংকগুলো নিজেদের কাছে পর্যাপ্ত ডলার রেখেছে। তাই গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য পরিস্থিতি পর্যালোচনায় দেশের শীর্ষ ২০ আমদানিকারকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি, ডেলটা অ্যাগ্রো ফুডসহ শীর্ষ আমদানিকারকদের প্রতিনিধিরা।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, সরকার ইতোমধ্যেই রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে উৎসাহিত হয়েছেন। ফলে আশা করা যায়, এবারের রমজানে বাজারে সরবরাহ ও দাম দুটোই স্বস্তিদায়ক থাকবে।

