নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের জন্য সর্বনিম্ন ২৫ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। গত বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা এই প্রস্তাব পে-কমিশনে জমা দেন। প্রস্তাবে ‘সাকুল্য বেতন’ বা ‘পারিশ্রমিক’ নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথাও বলা হয়েছে। এতে বিদ্যমান বেতন কাঠামোর ভাতাসহ আর্থিক বা অনর্থিক কোনো সুবিধা থাকবে না। এ ধরনের কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে আগে থেকেই চালু আছে।
সরকারি চাকরিজীবীরা বিভিন্ন কমিটির সভা, সেমিনার ও প্রশিক্ষণে যে সম্মানি বা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সুবিধা নিচ্ছেন। এতে বছরে খরচ হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা। এ সুবিধা বাতিলের প্রস্তাবও কমিশনের কাছে দেওয়া হয়েছে। সূত্র জানায়, পে-কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করা হয়েছে। এক, বিদ্যমান বেতন কাঠামো রেখে নতুন সুযোগ-সুবিধা সংযোজন। দুই, বিদ্যমান কাঠামো বাতিল করে বিকল্প ‘সাকুল্য বেতন’ প্রণয়ন।
প্রস্তাবে সচিবালয়ে নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জন্য ‘সচিবালয় ভাতা’ এবং ‘রেশন সুবিধা’ চালুর কথা বলা হয়েছে। এতে যুক্তি দেখানো হয়েছে, সচিবালয়ের জনবল সরকারের কার্যক্রমের মূল চালিকাশক্তি। এর আগে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘টিপটপ ভাতা’, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, দুর্নীতি দমন কমিশনে ‘রেশন সুবিধা’ ও ‘ঝুঁকি ভাতা’, জুডিশিয়ারি ক্যাডারে ‘বিশেষ ভাতা’ রয়েছে।
প্রস্তাবে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ইনক্রিমেন্টসহ অন্যান্য সুবিধা পুনর্বহাল বা চারটি উচ্চতর গ্রেড দেওয়ার কথাও বলা হয়েছে। বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় বা কম ব্যবহৃত গ্রেড বাদ দিয়ে মোট ১২টি গ্রেড নির্ধারণের প্রস্তাব আছে। এতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন বৃদ্ধির হার অন্যান্য গ্রেডেও প্রয়োগ করা হবে।
বর্তমান বেতন স্কেল অনুযায়ী ১৯৭৩ সালে ১০টি গ্রেড ছিল। এখন প্রযুক্তি উন্নয়ন ও দক্ষতার কারণে একাধিক পদ একই গ্রেডে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যেমন, অফিস সহায়ক, মেসেঞ্জার, দপ্তরি, প্লেন ফটোকপিয়ার এক গ্রেডে, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর এক গ্রেডে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ৪র্থ শ্রেণির জন্য দুটি গ্রেড, ৩য় শ্রেণির জন্য দুটি, দ্বিতীয় শ্রেণির জন্য একটি গ্রেড অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এছাড়া ৬ষ্ঠ ও ৮ম গ্রেডের বাস্তব ব্যবহার নেই, তাই এগুলো একত্রিত করা হতে পারে।
প্রস্তাবে ১০ম গ্রেডভুক্ত কর্মচারীদের ‘টিফিন ভাতা’ ২০০ টাকা থেকে ৩ হাজার এবং ‘যাতায়াত ভাতা’ ৩০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব রয়েছে। শিক্ষাব্যয় ভাতা স্তর অনুযায়ী প্রতি সন্তানের জন্য (সর্বোচ্চ দুইটি) প্রাথমিক ২ হাজার, মাধ্যমিক ৪ হাজার, উচ্চমাধ্যমিক ৬ হাজার, স্নাতক ৮ হাজার টাকা। চিকিৎসা ভাতা বয়স অনুযায়ী ৪০ বছর পর্যন্ত ৫ হাজার, ৪০-৫০ বছর ৭ হাজার এবং এর পর ১০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
মূল বেতনের শতকরা হিসেবে দুই উৎসব ভাতা দেওয়া হয়। প্রস্তাবে নববর্ষ ভাতা মূল বেতনের ৮০ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে তা ২০ শতাংশ। এছাড়া স্বাস্থ্যবিমা, কর অন্তর্ভুক্ত পেনশন এবং অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক প্রদানের সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে-কমিশন গঠন করেছে। কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে। ২০১৫ সালের পর এটি দ্বিতীয় বারের মতো গঠন।
জাতীয় বেতন কমিশন-২০২৫ প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সোমবার আটটি সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা। সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ফেডারেশন অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশন।

