সরকার ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মিরসরাই ইজেডে নতুন অ্যাক্সেস রোড নির্মাণের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি মিরসরাই-২এ ও ২বি ইজেডের জন্য প্যাকেজ নং ৩-এর আওতায় বাস্তবায়িত হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।
আজ (বুধবার) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের জন্য সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ঢাকার মনিকো লিমিটেড।
এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের আলোকে ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (বিশেষ সংশোধন)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ১০-এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেডি ১০১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবের পুনঃপ্রক্রিয়াকরণও অনুমোদন দিয়েছে সরকার।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মিরসরাই ইজেডে শিল্প এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। এছাড়া বিদ্যুতের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনের মাধ্যমে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত হবে।

