সরকার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র এবং জিটুজি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে। এর মধ্যে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল রয়েছে। মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
আজ (বুধবার) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০২ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও থেকে চাল আনতে ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।
এছাড়া মিয়ানমার সরকার থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। মিয়ানমার রাইস ফেডারেশন থেকে এই চাল আনতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

