প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে গড়ে ওঠা এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার সৈয়দ মুনসিফ আলীর সব শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৯১ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় গতকাল (বুধবার) ঢাকার অর্থঋণ আদালত–৫-এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
এর আগে আমানতকারীদের স্বার্থবিরোধী নানা সিদ্ধান্তের কারণে গত মার্চে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ব্যাংকটির কোনো শেয়ারহোল্ডারই পরিচালনা পর্ষদে নেই। ইউসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থঋণ আদালত এনআরবিসি ব্যাংকে সৈয়দ মুনসিফ আলীর এক কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার ক্রোকের নির্দেশ দেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, মুনসিফ আলী ইতোমধ্যে বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তাঁর হাতে আছে মাত্র ছয় লাখ ১৮ হাজার শেয়ার।
সূত্র জানায়, ইউসিবির এলিফ্যান্ট রোড শাখা থেকে মাল্টিপ্ল্যান লিমিটেডের নামে ঋণ নিয়েছিলেন মুনসিফ আলী। গ্যারান্টর ছিলেন তাঁর স্ত্রী শামীমাতুন নাসিম। ঋণ পরিশোধ না করায় সুদসহ মোট বকেয়া দাঁড়িয়েছে ১৯১ কোটি টাকা।
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে মুনসিফ আলী শুরুতে এক কোটি ৭৯ লাখ ৩০ হাজার শেয়ার কিনেছিলেন। কানাডা প্রবাসী এই ব্যবসায়ী মোট ১৭ কোটি ৯৩ লাখ টাকার সমপরিমাণ ডলারে শেয়ারগুলো নেন। পরবর্তী আট বছরে বোনাস হিসেবে আরও ৬৪ লাখ ২৪ হাজার ৬৪৫টি শেয়ার পান। এতে মোট শেয়ার দাঁড়ায় দুই কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৬৪৫টি। তবে ২০২০ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগেই তিনি এক কোটি শেয়ার পাঁচজনের নামে স্থানান্তর করেন।
এনআরবিসি ব্যাংকের এক কর্মকর্তা জানান, শেয়ার বিক্রির অর্থ দিয়ে মুনসিফ আলী মার্কেন্টাইল ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন। তালিকাভুক্তির আগে শেয়ার বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত তালিকাভুক্তির পর শেয়ারের দর বাড়ে। কিন্তু উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে তিন বছরের ‘লকইন’ সময় প্রযোজ্য থাকে। এ কারণে তিনি কৌশলে অন্যের নামে শেয়ার স্থানান্তর করেন, যাতে বিক্রিতে বাধা না থাকে।
উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে মুনসিফ আলীর দুটি প্রতিষ্ঠানের নাম রয়েছে—ঢাকার পান্থপথের সুবাস্তু টাওয়ারের মাল্টিপ্ল্যান লিমিটেড এবং কানাডার ওমের স্ট্রিটের মাল্টিপ্ল্যান কানাডা লিমিটেড। ২৬ আগস্ট থেকে তিনি ধাপে ধাপে শেয়ার বিক্রি শুরু করেন। সেদিন তাঁর কাছে ছিল এক কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার। প্রথম ধাপে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। এরপর ৬ অক্টোবর পর্যন্ত চার দফায় ৩০ লাখ করে মোট এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেন। সর্বশেষ ৯ অক্টোবর আরও ১৭ লাখ ৩৬ হাজার ৫০৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে ১৪ অক্টোবর বিক্রি সম্পন্ন করেন। এখন তাঁর হাতে আছে মাত্র ছয় লাখ ১৮ হাজার ১৪২টি শেয়ার। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, আদালতের আদেশের আগেই মুনসিফ আলী বেশিরভাগ শেয়ার বিক্রি করে ফেলেছেন।
২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ৯টি নতুন ব্যাংকের একটি এনআরবিসি। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও সুশাসন নিশ্চিত করতে গত ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ বাতিল করে। নতুন পর্ষদে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি আলী হোসেন প্রধানিয়াকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।

