দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড বর্তমানে কঠিন সময় পার করছে। কোম্পানির পরিচালিত ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ থাকায় ২০২৪-২৫ অর্থবছরে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫২ কোটি টাকায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানায়।
সামিট পাওয়ারের তথ্য অনুযায়ী, ১৫টি কেন্দ্রের মধ্যে বাকি ৮টি বিদ্যুৎকেন্দ্রের ৪টি ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ চুক্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, সরকার ওই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনলে, কোম্পানি কোনো আয় পায় না। এর মধ্যে তিনটি কেন্দ্র থেকে গত বছরজুড়েই বিদ্যুৎ কেনা হয়নি, ফলে সেগুলোও কার্যত অচল ছিল।
এই পরিস্থিতিতে সামিট পাওয়ারের মোট উৎপাদন সক্ষমতা ৯৩০.৫৫ মেগাওয়াট থেকে নেমে মাত্র ২৩৪ মেগাওয়াটে এসে দাঁড়িয়েছে।
বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় কোম্পানির মুনাফায় বড় পতন ঘটেছে। ২০২৪-২৫ অর্থবছরে সামিট পাওয়ারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে মাত্র ৪০ কোটি ৫৮ লাখ টাকা, যেখানে আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৩৩৪ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে প্রায় ৮৮ শতাংশ (২৯৪ কোটি ১৫ লাখ টাকা)।
তবুও বিনিয়োগকারীদের নিরাশ করেনি সামিট পাওয়ার। চলতি অর্থবছরের জন্য তারা সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি (আগে ছিল ১০%)।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে।
বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।সামিট পাওয়ারের এই পরিস্থিতি দেশের বিদ্যুৎ খাতের সামগ্রিক সংকটকেও ইঙ্গিত করছে। সরকার বিদ্যুৎ না কেনার ফলে বেসরকারি কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ছে, যা তাদের আর্থিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে। তবুও লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির বিনিয়োগকারীদের আস্থার একটি ইতিবাচক বার্তা দেয়।

