দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি দেশের শিল্পখাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে নতুন উচ্চতায় নিয়ে এসেছে। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের সদর দপ্তরে নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা এক মেগাওয়াট।
ওয়ালটনের এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ নয়। এটি মাছ চাষ, ভূমি সংরক্ষণ, পানির বাষ্পীভবন কমানো এবং পরিবেশ সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যাক্টরি বন্ধ থাকলে বা আংশিক উৎপাদনের সময় অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হচ্ছে। ফলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়ছে।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে ওয়ালটনের এই উদ্যোগকে শিল্পখাতে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সবুজ শিল্পনীতি অনুসরণ করে উদাহরণ স্থাপন করেছে, যা অন্যান্য শিল্পকে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে অনুপ্রাণিত করবে।
ওয়ালটনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয় শিল্পখাতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উন্নয়নই ভবিষ্যতের টেকসই শিল্পায়নের মূল চাবিকাঠি, এবং তাদের ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তা বাস্তবে প্রমাণ করছে।
সরকারও বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওয়ালটনের এই উদ্যোগ বেসরকারি খাতে সেই লক্ষ্য পূরণে নিরাপদ ও স্থায়ী সমাধান হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

