সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে সচিবালয়ে সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত মোবাইল ফোন নিবন্ধন ছাড়া ব্যবহার করতে পারবেন। দুই মাসের বেশি থাকলে ফোন নিবন্ধন বাধ্যতামূলক হবে।
-
যাদের বিএমইটি নিবন্ধন কার্ড আছে, তারা নিজের ব্যবহারের হ্যান্ডসেটের পাশাপাশি অতিরিক্ত দুইটি নতুন ফোন আনতে পারবেন বিনা খরচে। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে।
-
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের সঙ্গে অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
এছাড়া, স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে। এর ফলে বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমবে। বর্তমানে বৈধপথে মোবাইল ফোন আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। সরকার এখন তা কমানোর প্রক্রিয়া শুরু করেছে। আমদানি শুল্ক কমানো হলে দেশের ১৩ থেকে ১৪টি মোবাইল উৎপাদনকারখানার শুল্ক ও ভ্যাটও সমন্বয় করতে হবে। তা না হলে কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগে প্রভাব পড়তে পারে। এজন্য বিটিআরসি ও এনবিআর একাধিকবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে।
সরকার সতর্ক করেছে, কারও অজান্তে তার নামে নিবন্ধিত সিম ব্যবহার করা যাবে না। অপরাধ ও রেজিস্ট্রেশন ঝামেলা এড়াতে সব সময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে হবে। এছাড়া, বাংলাদেশে বন্ধ করা হবে ক্লোন, চুরি বা ছিনতাই করা মোবাইল। রিফারবিশড ফোন আমদানিও বন্ধ হবে।
১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে থাকা ফোনের মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলো বিটিআরসিতে জমা দিলে হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ থাকবে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। ১৬ ডিসেম্বর থেকে নতুন এনইআইআর সিস্টেম চালু হবে। এই দিন থেকে বৈধ আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকতে হবে। অবৈধ আমদানি, চোরাচালান ও ক্লোন ফোন প্রতিরোধ করা হবে।
এছাড়া, ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটের মোবাইল ফোন দ্রুত শনাক্ত করতে বিমান ও স্থলবন্দরগুলোতে কাস্টমস অভিযান চলবে। প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী), ২০২৫-এ মোবাইল সিমের ইকেওয়াইসি ও আইএমইআই নিবন্ধন-সংক্রান্ত ডেটা সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। নতুন ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন-সংক্রান্ত তথ্য লঙ্ঘনকারীরা আইনের আওতায় আসবে।

