শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন প্রজন্মের তরুণরা চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার দিকে আগ্রহী। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক সহজ ঋণ, নীতি ও পরামর্শ দিতে এগিয়ে আসবে।
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিসিক সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বার্ষিক সম্মেলন এবং ‘৬৯ বছরে বিসিক: অর্জন, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত মো. নূরুজ্জামান, এনডিসি।
উপদেষ্টা আরও বলেন, বিসিকের অনেক শিল্প প্লট খালি রয়েছে এবং সেখানে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের সমস্যা রয়েছে। তিনি বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুতই অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে। যারা প্রকৃত উদ্যোক্তা নন, তাদের প্লট বাতিল করা হবে। আমরা চাই, বিপ্লবোত্তর বাংলাদেশে বিসিক হবে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্যোক্তা-বান্ধব।’’
উপদেষ্টা আরও বলেন, “বিসিক ৬৯ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশব্যাপী শিল্প বিকাশে এটি কাজ করছে। জুলাই গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত বাংলাদেশের জন্য ২০২৫ সালের এই সম্মেলন সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নযাত্রায় নতুন গতি সঞ্চার করবে।” তিনি বলেন, নতুন প্রজন্মের তরুণরা চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার দিকে আগ্রহী। ক্ষুদ্র উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক সহজ ঋণ, নীতি ও পরামর্শ দিতে এগিয়ে আসবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “উদ্যোক্তাদের যে ঋণ দেওয়া হয়, তা খুবই অল্প। আমাদের হাতে ২৫ হাজার কোটি টাকা আছে। ঋণ বিতরণেও দুর্বলতা আছে। আমরা ঋণের পরিমাণ বাড়াতে চাই। এ ক্ষেত্রে বিসিকের মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।” গভর্নর আরও বলেন, “ইন্টারন্যাশনাল পেমেন্ট সেক্টরের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের সংযুক্ত করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রে সরাসরি পণ্য কেনা অনেক বেড়ে গেছে। তাহলে আমাদের জামদানি কেন বিদেশ থেকে কেনা হবে না?”
তিনি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বিস্তার, রপ্তানি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের কার্যকর ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনভিত্তিক শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে বিসিক প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যা শিল্প খাতকে আরও টেকসই করে তুলেছে।”
বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেছেন, “বিসিক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের বাস্তব রূপ। আমরা আমাদের রূপকল্প ও অভিলক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের উন্নয়নধারায় এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিসিক সর্বোচ্চ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশ একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারবে।
চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে বিসিক পরিবেশবান্ধব নতুন শিল্পনগরী বা শিল্পপার্ক স্থাপন এবং শিল্পনগরীর অবরাদ্দ প্লটের শতভাগ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা করছে। এছাড়া আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়নসহ বিসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিসিক ভবনের নিচ তলায় অনুষ্ঠিত বিজয় মেলার স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সম্মেলনের শুরুতেই বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির কার্যক্রম তুলে ধরেন। এ সময় বার্ষিক সম্মেলন ২০২৫-এর স্যুভেনিওর মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের প্রতিনিধি এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বিসিকের বার্ষিক সম্মেলন ও বিজয় মেলা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিল্পনগরী সম্প্রসারণ, প্লট বরাদ্দ এবং প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা দেশের শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করবে। উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং ব্যাংকের ঋণসহায়তা আরও কার্যকর হলে স্থানীয় শিল্প ও অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। এছাড়া পরিবেশবান্ধব শিল্পনগরী ও মৌচাষের উন্নয়ন দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।

