মিলমালিকদের নির্দেশিত বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন রাজধানীর পাইকারি ও খুচরা বিক্রেতারা। তারা বলছেন, মিলমালিকরা প্রতি লিটারে ৯ টাকা বাড়িয়ে ৫ লিটার সয়াবিন তেলের দাম ৯৬৫ টাকা নির্ধারণ করেছেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা চার দিন ধরে তেল বিক্রি করছেন। কিন্তু ভোক্তা অধিদপ্তর হঠাৎ এসে বলছে, সরকার কোনো দাম বাড়ায়নি। তাই মিলমালিকদের নির্ধারিত দামে বিক্রি করায় দোকানিদের জরিমানা করা হচ্ছে।
কারওয়ান বাজারের মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান এ অবস্থাকে ‘পুরোপুরি অসহায় পরিস্থিতি’ বলে উল্লেখ করেন। তিনি টিকে গ্রুপের পুষ্টি ব্র্যান্ডের ডিলার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মিলমালিকরা দাম বাড়িয়েছে। আমরা তাদের দামে তেল বিক্রি করেছি। এখন ভোক্তা অধিদপ্তর বলছে সরকার দাম বাড়ায়নি। তাহলে আমরা কোন দিকে যাব। কী করব। সত্যিই বিপদে পড়ে গেছি।’ তিনি আরও বলেন, সরকারের নির্দেশ অমান্য করে মিলমালিকদের বেঁধে দেওয়া দামে তেল বিক্রি করা যাবে না—এমন অভিযোগে জরিমানা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মনে চাপ তৈরি হয়েছে।
শুধু কারওয়ান বাজার নয়, অন্য বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারাও একই অভিযোগ তুলছেন। তাদের দাবি, ব্যবসায়ীরা অনেক সময় সরকারের চেয়েও বেশি প্রভাব খাটান। দাম বাড়লেও সরকার তা জানে না, ফলে মাঠপর্যায়ের বিক্রেতারাই বিপাকে পড়েন। এতে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মিলমালিকরা গত সেপ্টেম্বরে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে সরকার তখন তা মঞ্জুরি দেননি। এবার তারা গত রবিবার থেকে বোতলজাত তেলে লিটারে ৯ টাকা এবং খোলা তেলে ৫ টাকা বাড়িয়ে ডিলারের মাধ্যমে বাজারে তেল বিক্রি করছে।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন বলেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, ‘কোম্পানিগুলো একত্রিত হয়ে দাম বাড়িয়েছে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’
এ বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন—বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ও টিকে গ্রুপ পরিচালক মো. মোস্তফা হাইদার বলেন, ‘বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। আমরা সরকারকে জানিয়ে দাম বাড়িয়েছি। এটি নিত্যপণ্যের বিষয়। দাম বাড়ানোর নির্দিষ্ট প্রক্রিয়া আছে। চার মাস ধরে দাম সমন্বয় বা পর্যালোচনা হয়নি। তারপরও আমরা সম্প্রতি সরকারের সঙ্গে মিটিং করেছি। আইনগত ভিত্তি মেনেই ১৫ দিন আগে নোটিশ দিয়েছি।’ কিন্তু সরকার তো অনুমোদন দেয়নি। বাড়তি দামে বিক্রি করায় ডিলারদের জরিমানা করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে ভোজ্যতেল আমদানিকারকরা বলেন, ‘দাম বাড়ানোর নীতিমালা ও আইন মেনে আমরা এটা করেছি। জরিমানা দিলে কী করার আছে।’
গতকাল রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশসহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল চার দিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে। নতুনভাবে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। বোতলজাত প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা। আগে এটি ১৮৯ টাকায় বিক্রি হতো। তবে এক ও দুই লিটারের বোতল এখনো পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়নি।
মোহাম্মদপুর টাউন হল বাজারের মনির স্টোরের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত সপ্তাহে আগের দামের তেল কমে গেছে। এরপর ১ ডিসেম্বর থেকে মিলমালিকরা নতুন করে বাড়তি দামের তেল দিয়েছে। তাই আমাদেরও সেই দামে বিক্রি করতে হচ্ছে।’ কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী আল্লাহর দান স্টোরের স্বত্বাধিকারী মো. শাহ আলম বলেন, ‘এক সপ্তাহ আগে কোম্পানিগুলো জানিয়েছিল, বাজারে নতুন দামের তেল আসবে। কয়েক দিন ধরে তারা বাড়তি দামের তেল দিচ্ছে। আমরা ও সেই দামে বিক্রি করছি।’
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সূত্র জানায়, গত ১০ নভেম্বর ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো চিঠি দিয়েছিল। জানিয়েছিল ২৪ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। সমিতি প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৯ টাকা ও পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা নির্ধারণ করেছে। প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ এবং পাম অয়েল ১৬৯ টাকায় বিক্রি হওয়ার কথা। তবে বাণিজ্য মন্ত্রণালয় গতকাল পর্যন্ত সরকার অনুমতি দেয়নি। কোম্পানিগুলো দাবি করছে, অনুমতি না দিলেও তারা আইন অনুযায়ী দাম বাড়িয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ:
বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল অব অ্যাসেনসিয়াল কমোডিটিস অ্যাক্ট-১৯৫৬ অনুযায়ী ২০১১ সালে একটি আদেশ জারি করে। এটি ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১’ নামে পরিচিত। আদেশে বলা হয়েছে, উৎপাদক, পরিশোধক বা আমদানিকারক যদি কোনো অত্যাবশ্যকীয় পণ্যের দাম হ্রাস, বৃদ্ধি বা পুনর্নির্ধারণ করতে চান, তা করতে হবে সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ী সমিতির মাধ্যমে। পাশাপাশি ১৫ দিন আগে মনিটরিং সেল, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা জানাতে হবে। ব্যবসায়ীরা বলছেন, এ নিয়ম মেনে তারা তেলের দাম বাড়িয়েছেন।
উল্লেখ্য, গত অক্টোবরেও সরকার অনুমোদন না দিয়ে কোম্পানিগুলো ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছিল। তখন বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছিলেন, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। পরে ব্যবসায়ীরা দাম বাড়ানো থেকে সরে এসেছিলেন। এবার তারা আইনের দিক দেখিয়ে লিটারে ৯ টাকা বাড়িয়ে চার দিন ধরে ভোক্তাদের কাছে বিক্রি শুরু করেছেন।
গত ১২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রেখে ১৮৯ টাকায় রাখে। এর আগে ১৩ এপ্রিল একই মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।
দেশে ভোজ্যতেলের চাহিদা বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানায়, বার্ষিক চাহিদা প্রায় ২০ লাখ টন। মাসে গড়ে চাহিদা ১.৫ লাখ টনের বেশি। দিনে প্রায় ৫ হাজার টন তেলের প্রয়োজন হয়। স্থানীয়ভাবে বছরে প্রায় ২ লাখ টন উৎপাদন হয়। বাকি প্রয়োজন ভোজ্যতেল আমদানি করে পূরণ করতে হয়।

