দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে প্রায় দুই মাস ধরে আটকে আছে দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। দীর্ঘ অচলাবস্থার কারণে রপ্তানিকারকদের ট্রাকপ্রতি প্রতিদিন ২ হাজার টাকা হারে মোট প্রায় ৩ লাখ টাকা ভাড়া বা জরিমানা গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান যাচাই ও নানা জটিলতা তৈরির কারণেই রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা তাদের।
বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। উচ্চ মানের কারণে ভারতে এ পণ্যের বিশেষ চাহিদা দীর্ঘদিনের। পরিসংখ্যান বলছে, প্রতিবছর প্রায় ৭০০ কোটি টাকার সুপারি ভারতে রপ্তানি হয়। শুধু ২০২৪–২৫ অর্থবছরেই ভারতের মোট সুপারি আমদানিতে বাংলাদেশের অংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশ, যা আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেশি। এমন উত্তম বাণিজ্যের সময়েই দুই মাস ধরে বেনাপোলে দাঁড়িয়ে আছে দেড় শতাধিক সুপারিবাহী ট্রাক।
দীর্ঘদিন ধরে ট্রাকগুলো আটকে থাকায় বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। চালকদেরও নানাভাবে ভোগান্তি বাড়ছে। আটকে থাকা ট্রাকচালক মমিন বলেন, “১ মাস ২৭ দিন ধরে এখানে থেকে নানা সমস্যায় পড়ছি। আমাদের সন্দেহ, ওপারের ব্যবসায়ীরা সুপারির বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে দেরি করছে।”
রপ্তানিকারক প্রতিষ্ঠান আউলিয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি আশরাফুল ইসলাম জানান, পেট্রাপোল বন্দরে পরীক্ষা–নিরীক্ষাসহ বিভিন্ন কারণ দেখিয়ে পণ্য গ্রহণে সময় নিচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ। তিনি বলেন, “আমরা দ্রুত এসব পণ্যের খালাসের জন্য চেষ্টা করছি।” ব্যবসায়ীরা আরও জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত একের পর এক নিষেধাজ্ঞা ও শর্ত আরোপ করায় রপ্তানি ৩০ শতাংশে নেমে এসেছে। এতে সামগ্রিক বাণিজ্য বড় ধরনের চাপের মুখে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি হলে উভয় দেশেরই ক্ষতি। দ্রুত সমাধানে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বেনাপোল হয়ে পাট–পাটজাত পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কাঠের আসবাব, ফলের জুসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি বন্ধ রয়েছে।
তবে বন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বেনাপোল দিয়ে ১০ হাজার ৬৫০ টন সুপারি রপ্তানি হয়েছে। তিনি বলেন, “যে সমস্যার কারণে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সেটা ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়। যেসব ট্রাকের কাগজ আমাদের কাছে আসে সেগুলোই ভারতে প্রবেশ করছে।”
তিনি আরও জানান, যেসব ট্রাকের কাগজপত্র পাওয়া যাবে, দ্রুত ছাড়করণে সহায়তা করা হবে। তবে রপ্তানিকারকদের অভিযোগ, চলমান বিপুল আর্থিক ক্ষতির মুখে সরকারি প্রতিকার ছাড়া বেনাপোলের এই সংকট কাটানো সম্ভব নয়।

