Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাট, চামড়া, কৃষি ও ওষুধ খাতের কর ও ঋণ সুবিধার পরিকল্পনা
    অর্থনীতি

    পাট, চামড়া, কৃষি ও ওষুধ খাতের কর ও ঋণ সুবিধার পরিকল্পনা

    মনিরুজ্জামানডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এলডিসি উত্তরণের পর পাট, চামড়া, ওষুধ ও কৃষি খাতের জন্য কর, ঋণ ও ইউটিলিটি খরচ কমানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ।

    জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, বাংলাদেশের ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। দেশটি উত্তরণের জন্য জাতিসংঘের তিনটি মানদণ্ডই পূরণ করেছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা হারানোর পর, বাংলাদেশকে রপ্তান নীতি পরিবর্তন করে ভর্তুকিনির্ভর কাঠামো থেকে বের হয়ে উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং হাইটেক শিল্পায়নের দিকে মনোযোগ দিতে হবে। এমন সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

    অর্থ মন্ত্রণালয় গঠিত এই কমিটি এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের “মেইড ইন চায়না ২০২৫” এবং ইন্দোনেশিয়ার “মেকিং ইন্দোনেশিয়া ৪.০” উদ্যোগ অনুসরণের পরামর্শ দিয়েছে। কমিটি মনে করছে, উত্তরণের পর রপ্তানিকারকদের আর নগদ প্রণোদনা দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে দেশকে প্রতিযোগিতামূলক রাখতে এসব সুপারিশ জরুরি।

    চীনের ২০১৫ সালে শুরু হওয়া “মেইড ইন চায়না ২০২৫” কর্মসূচির লক্ষ্য ছিল দেশটির উৎপাদন খাত আধুনিকীকরণ করা, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো এবং হাইটেক শিল্পে বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলা। এই কর্মসূচিতে স্বল্প সুদের ঋণ, সুবিধাজনক করহার, ভর্তুকিযুক্ত জমি, ছাড়কৃত মূল্যে ইস্পাত সরবরাহ এবং স্বল্পমূল্যের ইউটিলিটি সুবিধা অন্তর্ভুক্ত ছিল।

    অন্যদিকে, ইন্দোনেশিয়া ২০১৮ সালে “মেকিং ইন্দোনেশিয়া ৪.০” রোডম্যাপ চালু করে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ম্যানুফ্যাকচারিংয়ের উন্নয়নের ওপর জোর দিয়েছে। তারা নিয়মকানুন সহজীকরণ, শিল্পাঞ্চল সম্প্রসারণ এবং লজিস্টিক সুবিধা উন্নয়নের মাধ্যমে শিল্পকে শক্তিশালী করেছে।

    অর্থ মন্ত্রণালয় গঠিত কমিটি বলেছে, চীন ও ইন্দোনেশিয়ার অনুসরণে বাংলাদেশও এ ধরণের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে রয়েছে—মূল্য সংযোজন বাড়ানো, প্রযুক্তি আমদানি ও স্থানান্তর, চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) গ্রহণ, নতুন পণ্য উদ্ভাবনে আর্থিক ভর্তুকি এবং গবেষণা ও উন্নয়নে কর সুবিধা।

    উচ্চ প্রযুক্তির সংস্থার জন্য নিম্ন করহার আরোপ এবং সার্ভিসড ল্যান্ড বরাদ্দসহ বিভিন্ন সুবিধা দেওয়ারও সুপারিশ করেছে কমিটি। চামড়া, পাট, কৃষিপণ্য ও ওষুধ খাতের রপ্তানিকে নগদ সহায়তার বদলে উৎপাদনশীলতা–ভিত্তিক নীতির মাধ্যমে শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর ‘সাবসিডি অ্যান্ড কাউন্টারভেইলিং মেজারস’ চুক্তি এবং ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীনের অভিজ্ঞতা পর্যালোচনা করে কমিটি খাতগুলোকে নগদ প্রণোদনার বিকল্প হিসেবে ডব্লিউটিও-সম্মত সুবিধা প্রদানের নীতি সুপারিশ করেছে।

    এই সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি বাস্তবতা ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে অন্য যেকোনো উপযুক্ত সুবিধা প্রদানের জন্য গত ২০ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, পররাষ্ট্র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষ নির্বাহীরা রয়েছেন।

    বাংলাদেশের এলডিসি উত্তরণ পরিকল্পনা:

    জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) জানিয়েছে, বাংলাদেশের ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। দেশটি উত্তরণের জন্য জাতিসংঘের তিনটি মানদণ্ডই পূরণ করেছে।

    এলডিসি উত্তরণের পর রপ্তানিতে নগদ সহায়তা বন্ধ হওয়ার কারণে সরকার ইতোমধ্যে ধীরে ধীরে তা কমাতে শুরু করেছে। বর্তমানে ৪৩টি খাত রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা পাচ্ছে। আগামী জানুয়ারিতে তার অর্ধেক এবং আগামী জুলাই থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ও জুলাইয়ে রপ্তানি প্রণোদনা কমানো হয়েছিল। চলতি অর্থবছরের বাজেটে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ রয়েছে ৯,০২৫ কোটি টাকা।

    গত অর্থবছরের মূল বাজেট ও সংশোধিত বাজেটেও একই পরিমাণ অর্থ বরাদ্দ ছিল। ২০২৩-২৪ অর্থবছরে প্রকৃত ব্যয় ছিল ৮,১৯৮ কোটি টাকা। এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ‘স্মুথ ট্রানজিশন স্ট্যাটেজি’ (এসটিএস) বাস্তবায়ন শুরু করেছে। তবে বাস্তবায়নে পিছিয়ে থাকা, গ্যাস-বিদ্যুৎ সংকট, অবকাঠামোর দুর্বলতা, ভঙ্গুর ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা এলডিসি গ্রাজুয়েশন তিন বছর পেছানোর অনুরোধ করলেও সরকার গ্রাজুয়েশনের সময় পেছানোর জন্য জাতিসংঘে আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে।

    সিডিপির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ২০২৯ সালের পর যাতে বাংলাদেশের রপ্তানি ব্যাহত না হয়, সেজন্য সরকার এসটিএস বাস্তবায়ন করছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইত্যাদি কারণে অতিরিক্ত তিন বছর সময় পেলে এটি ‘যৌক্তিক হতো’।

    বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ চৌধুরী বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পরও ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, কানাডা, যুক্তরাজ্য ও জাপান বাংলাদেশকে তিন বছর জিএসপি সুবিধা দেবে। এই বাজারগুলোতে দেশের মোট রপ্তানি ৯৩ শতাংশ হয়ে থাকে। তাই ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হলেও ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের রপ্তানি তেমন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

    চামড়া শিল্পে স্বল্পসুদের ঋণ ও শুল্ক হ্রাসের প্রস্তাব:

    চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতে সরকার স্বল্পসুদে ঋণ প্রদানের সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। প্রস্তাব অনুযায়ী সুদহার হতে পারে ব্যাংক রেটের সঙ্গে +২.৫ শতাংশ। ট্যানারি শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্যামিকেলে বর্তমানে ৩৫ শতাংশ শুল্ক প্রযোজ্য। কমিটি চায় এই শুল্ক যৌক্তিক পর্যায়ে কমানো হোক। এছাড়া, এ শিল্পের জন্য এক্সপোর্টার্স রিটেনশন কোটা বিদ্যমান ২৫ হাজার ডলার থেকে যৌক্তিক হারে বাড়ানোরও সুপারিশ করেছে। চামড়া ও চামড়াজাত পণ্যে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের বিলেও রেয়াতি সুবিধা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    কমিটি জানিয়েছে, ব্যবসায়ী ও সরকার যৌথভাবে চামড়া শিল্পের জন্য একটি কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করতে পারে। প্রক্রিয়াজাতকরণের খরচ কমাতে কয়েকটি কারখানা মিলিত হয়ে ১০ হাজার বর্গফুটের ক্রোম রিকভারি প্ল্যান্ট স্থাপন করতে পারে। এই ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে স্বল্পসুদে ঋণ দিতে পারবে।

    ঈদুল আজহার সময় প্রতি বছর প্রায় এক কোটি পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে বিপুল পরিমাণ রাসায়নিকের প্রয়োজন হয়। কমিটি চায়, এসব কেমিকেলের আমদানি হোম–কনজাম্পশন বন্ডের মাধ্যমে ডিউটি–ফ্রি সুবিধায় করা হোক। ভিয়েতনাম ও চীনের মডেল অনুসরণ করে ভ্যালু–ইন/ভ্যালু–আউট ব্যবস্থায় বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চালুর প্রস্তাব রাখা হয়েছে। এর মাধ্যমে কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করা সম্ভব হবে। এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের সুবিধার্থে কমন বন্ডেড ওয়্যারহাউস গড়ার পরামর্শও কমিটি দিয়েছে।

    কৃষকের কাছ থেকে পাট কেনার ওপর সোর্স ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ:

    কৃষকের কাছ থেকে সরাসরি পাট কেনার ক্ষেত্রে বিদ্যমান ১ শতাংশ উৎসে কর পাটজাত পণ্যের উৎপাদন ব্যয় এবং রপ্তানি মূল্য বাড়াচ্ছে। কমিটি সুপারিশ করেছে, এটি প্রত্যাহার করা হোক। কর প্রত্যাহার হলে পাট উৎপাদক ও রপ্তানিকারকরা লাভবান হবেন। কর আদায়ে নেতিবাচক প্রভাবও খুব সামান্য হবে।

    ভারত বাংলাদেশি পাটপণ্যের ওপর এন্টি-ডাম্পিং ডিউটি আরোপ করলেও প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কাঁচা পাট আমদানি করছে। কমিটি বলেছে, কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করতে রপ্তানির ওপর ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে। এতে ভারতে বাংলাদেশি পাটপণ্যের চাহিদা বাড়বে এবং শুল্ক আয়ও বৃদ্ধি পাবে।

    উন্নতজাত পাটবীজ উৎপাদন বাড়িয়ে তা স্বল্পমূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করারও সুপারিশ করেছে কমিটি। বহুমুখী পাটপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানির খরচের অংশ সরকার বহন করতে পারে। এছাড়া, এই যন্ত্রপাতি আমদানিতে স্বল্প সুদে ঋণ প্রদানের সুপারিশও করা হয়েছে। বৈচিত্রকৃত পাটপণ্যের জন্য আবশ্যিক রঙ এবং বিভিন্ন রাসায়নিকের আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চালুর পরামর্শ দিয়েছেন কমিটি। পাট খাতে স্বল্প সুদে এবং সহজ শর্তে অর্থায়নের জন্য জুট সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড গঠনেরও সুপারিশ রাখা হয়েছে।

    কৃষিপণ্য রপ্তানি বাড়াতে হিমাগার ও বিদ্যুতের সুবিধা সুপারিশ:

    কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফলন পরবর্তী ক্ষতি কমানো এবং শেলফ লাইফ বাড়িয়ে রপ্তানি বাড়ানোর জন্য মাল্টি টেম্পারেচার হিমাগার স্থাপনের সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। কমিটির পরামর্শ, এসব হিমাগার সরকারি উদ্যোগে স্থাপন করা উচিত। না হলে স্বল্প সুদে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়ে বেসরকারিখাতকে উৎসাহিত করা যেতে পারে। হিমাগারে হ্রাসকৃত মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার বিষয়টিও কমিটি বিবেচনার জন্য বলেছেন।

    রপ্তানিযোগ্য কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে রিফার ভ্যান, বন্দরভিত্তিক রেফ্রিজারেটেড ওয়্যারহাউস, ইলেকট্রনিক ডেটা লগার এবং টাইম–টেম্পারেচার ইন্ডিকেটর ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

    কমিটি ‘প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট’ স্কিমের মতো ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছে। ভারতের মতো স্কিমে আন্তর্জাতিক খাদ্যমেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ভ্রমণ খরচ সহায়তা দেওয়া হয়। এছাড়া, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রিতে আর্থিক সহায়তাও দেওয়া হয়। বাংলাদেশের সরকারও একই ধরণের সহায়তা বিবেচনা করতে পারে। কৃষিপণ্য রপ্তানিতে প্রয়োজনীয় টেস্টগুলো বাংলাদেশে করা যায় না বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় না। এজন্য দেশের ভেতরে আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের সুপারিশও কমিটি দিয়েছে।

    ওষুধশিল্পে প্রি-ফাইন্যান্সিং ও এপিআই পার্ক বাস্তবায়নের সুপারিশ:

    পুঁজি–নিবিড় ওষুধশিল্পের জন্য এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি–ফাইন্যান্সিং স্কিমের সীমা বিদ্যমান ৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করেছে কমিটি। মুন্সিগঞ্জের এপিআই পার্ক ২০০৮ সালে কাজ শুরু করা হলেও গ্যাস না থাকায় কারখানাগুলো উৎপাদন করতে পারছে না। কমিটি বলেছে, এ পার্কের কাজ দ্রুত শেষ করে গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি সরবরাহ নিশ্চিত করতে হবে।

    এখাতের এপিআই সরবরাহকারী উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় আনারও পরামর্শ দিয়েছে কমিটি। এজন্য বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ২ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম ৫ হাজার কোটি টাকায় বৃদ্ধি করা যেতে পারে। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াতে এ ধরনের স্কিম আছে। নিয়ন্ত্রিত বাজারে প্রবেশের জন্য দেশে বায়ো–ইকুইভ্যালেন্স ও ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার সক্ষম কনট্রাক্ট রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার গুরুত্বও কমিটি উল্লেখ করেছে। বর্তমানে এসব পরীক্ষার জন্য ব্যয়বহুল বিদেশি ল্যাবের ওপর নির্ভর করতে হয়।

    বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রত্যায়িত, তবে এপিআই নমুনা পরীক্ষা করতে পারে না। আধুনিক ল্যাবরেটরি টেস্টিং সরঞ্জাম কেনার জন্য বাজেট সহায়তার প্রয়োজন। দেশে এপিআই নমুনা পরীক্ষা করা সম্ভব হলে উৎপাদন খরচ কমবে, গ্রাহকের আস্থা বাড়বে এবং বিশ্বব্যাপী শিল্পের অবস্থান উন্নত হবে। এলডিসি গ্রাজুয়েশনের পর পেটেন্টকৃত ওষুধ বাংলাদেশে উৎপাদন করতে পারবে না। তাই এখন থেকেই ওষুধ গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.