বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই বা ফিকি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী। তিনি বর্তমান সভাপতি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন। এর আগেও তিনবার ফিকির সভাপতির দায়িত্ব পালন করেছেন রুপালী হক চৌধুরী।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও এমডি দীপাল আবেইউক্রেমা। সহসভাপতি নির্বাচিত হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী। কমিটি ২০২৬–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।
গতকাল রোববার রাজধানীর হোটেল লো মেরিডিয়েনে ফিকির ৬২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। রুপালী হক চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটি আগামী ১ জানুয়ারি দায়িত্ব নেবে। ফিকির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে ফিকিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নতুন পরিচালনা পর্ষদ ও সদস্য কোম্পানিগুলোর সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যতের প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতামূলক অর্থনীতির পথে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চান।
বিদায়ী সভাপতি জাভেদ আখতার বলেন, গত দুই বছর ফিকির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য সম্মানের ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময়ে গুরুত্বপূর্ণ নানা উদ্যোগ একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়তা করেছে।

