জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা প্রায় দুই তৃতীয়াংশ শিক্ষার্থী আংশিক বেকার হিসেবে আছেন অর্থাৎ তাঁরা টিউশনি, কল সেন্টার বা কোচিং ক্লাসের মতো খণ্ডকালীন কাজে যুক্ত, কিন্তু পূর্ণকালীন চাকরিতে নেই। ফল ভালো হলেও পূর্ব অভিজ্ঞতার অভাব তাদের জন্য প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অনুষ্ঠিত সরকারি গবেষণা সংস্থা বিআইডিএসের বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম অধিবেশনে এসব তথ্য তুলে ধরেন গবেষকরা। সম্মেলন দুই দিনব্যাপী ছিল এবং তার শেষ দিন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র ও উন্নয়ন’।
প্রথম অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের কর্মসংস্থান বিষয়ে উপস্থাপনা দেন বিআইডিএসের গবেষণা ফেলো তাহরীন তাহরিমা চৌধুরী। প্রতিবেদনের জন্য জাতীয় বিদ্যালয়ের অধীন ৫১৫টি কলেজ থেকে ১ হাজার ৬৩৯ জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া ২০২১ সালের বিশ্বব্যাংকের জরিপের তথ্যও ব্যবহার করা হয়েছে।
স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ৩৪৩ জন বর্তমানে কোনো চাকরিতে যুক্ত। চাকরি খুঁজছেন ১ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে ১১৩ জন খণ্ডকালীন কাজে নিয়োজিত। আর ৮২ জন কোনো কর্মক্ষেত্রে নেই। অর্থাৎ প্রায় ৬৬ শতাংশ স্নাতক আংশিক বেকার। আংশিক বেকারত্ব বা আন্ডার এমপ্লয়েড বলতে বোঝানো হয়, শ্রমশক্তিতে থাকা মানুষরা তাদের যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত চাকরি পাননি।
উপস্থাপনায় আরও বলা হয়, স্নাতক ডিগ্রিধারীদের ছয় ভাগে ভাগ করলে দেখা যায়, ২৪ শতাংশ চাকরি করছেন, ১.৬ শতাংশ নিজের প্রতিষ্ঠানে কর্মরত, ৭ শতাংশ টিউশনি করছেন, ৫.৫ শতাংশ খণ্ডকালীন কাজে যুক্ত, ৩৩ শতাংশ চাকরি খুঁজছেন এবং ২৯ শতাংশ দৈনিক মজুরিতে কাজ করছেন।
বিশ্ব শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করলেই কাউকে বেকার হিসেবে গণ্য করা হয় না। তাই শিক্ষার্থীরা হয়তো নিজেদের ‘বেকার’ মনে করলেও পূর্ণাঙ্গ বেকার হিসেবে ধরা যাবে না। তাদের মধ্যে ৬১ শতাংশের অনার্স বা মাস্টার্স পর্যায়ে পূর্ব অভিজ্ঞতা নেই। মাত্র ৩৭ শতাংশের অভিজ্ঞতা আছে। ৫৫ শতাংশের আইসিটি বা তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণও নেই। গবেষণায় সুপারিশ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজারের বেশি কলেজ ও শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত চাকরি পেতে পারে। এর আগে ২০১৯ সালে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৬ শতাংশ স্নাতক ৩ থেকে ৪ বছর পর্যন্ত বেকার ছিলেন।
গ্রামের তুলনায় শহরের শ্রমিকদের বেতন দ্বিগুণ:
দ্বিতীয় দিনে দেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইডিএসের গবেষণা পরিচালক এস এম জুলফিকার আলী। চারটি উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
মজুরিবৈষম্য বিষয়ে প্রথম উপস্থাপনা দেন জ্যেষ্ঠ গবেষণা ফেলো বদরুন্নেসা আহমেদ। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত শহরের শ্রমিকদের গড় বেতন বৃদ্ধির হার প্রায় ১১ শতাংশ। একই সময়ে গ্রামের শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র ৪ শতাংশ। শহরের শ্রমিকরা মাসিক গড়ে ৮ হাজার ৯৪৫ টাকা পান, গ্রামে ৩ হাজার ৩৯০ টাকা। মহানগরের শ্রমিকরা গ্রামীণ শ্রমিকের তুলনায় গড়ে ২১.৬ শতাংশ বেশি মজুরি পান। যদিও শহরের শ্রমিকরা ৫ শতাংশ বেশি সময় কাজ করেন এবং তাঁদের উৎপাদনশীলতাও কিছুটা বেশি। প্রতিবেদনটি ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের শ্রমশক্তি জরিপের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
গবেষণা থেকে দেখা যায়, অর্থনৈতিক সুবিধা প্রধানত মহানগরে সীমাবদ্ধ। ছোট শহরগুলো পিছিয়ে রয়েছে। তাই অবকাঠামো, শিল্প ও সেবা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন, যাতে ভারসাম্যপূর্ণ উন্নয়ন সম্ভব হয়। অধিবেশনে নারীদের কর্মপরিবেশ নিয়ে উপস্থাপনা দেন গবেষণা সহযোগী কাশফী রায়ান। আর কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে উপস্থাপনা দেন জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ গোলাম নবি মজুমদার।

