বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ম্যাচিউরিটি লেভেল–৩ (এমএল–৩) সনদ না পাওয়া এটি প্রধান বাধা। স্থানীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে এই সনদ একটি আবশ্যক পূর্বশর্ত। কিন্তু দেশের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এখনো সনদ অর্জনে সক্ষম হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমএল–৩ মূল্যায়নে নয়টি ক্ষেত্র পরীক্ষা করে—ভ্যাকসিন নিবন্ধন, ক্লিনিক্যাল ট্রায়াল, বাজার তদারকি ও নিয়ন্ত্রণ, জ্ঞান ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, পরীক্ষাগার সক্ষমতা, আইনি অধিকার, লজিস্টিক সহযোগিতা ও মানবসম্পদ। কিছু অগ্রগতি থাকলেও নিয়ন্ত্রক কাঠামো, তদারকি সক্ষমতা, বৈজ্ঞানিক মূল্যায়ন, গুণগত নিশ্চয়ন ও সিস্টেম-সংহত কার্যক্রমে এখনও উন্নতির প্রয়োজন আছে।
ওষুধ খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই সনদ পাওয়ার সঙ্গে সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে ভ্যাকসিন ও টিকা রপ্তানির পরিমাণ ৫০ মিলিয়ন ডলারে উন্নীত হওয়া সম্ভব। এছাড়া নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। ২০১৬ সালে এই লক্ষ্যে কাজ শুরু করা হয়। অধিদপ্তর কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবু সনদ না থাকার কারণে বাংলাদেশ এখনো বৈশ্বিক টিকা বাজারের মূলধারায় প্রবেশ করতে পারেনি। খাত সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন, ২০২৬ সালে এলডিসি উত্তরণের পর ওষুধ শিল্পের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
বাংলাদেশে টিকা উৎপাদন শুরু হয় ২০১১ সালে। বর্তমানে ইনসেপ্টা, পপুলার ও হেলথকেয়ার—এই তিনটি কোম্পানি ১৫–১৬ ধরনের মানব ও পশুচিকিৎসা ভ্যাকসিন তৈরি করে। এর মধ্যে ইনসেপ্টা অল্প পরিমাণে কয়েকটি আফ্রিকান দেশে টিকা রপ্তানি করে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ম্যাচিউরিটি লেভেল–৩ (এমএল–৩) সনদ না থাকার কারণে ব্যাপক রপ্তানির পথ বন্ধ রয়েছে। এই সনদ হলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, কার্যকর ব্যবস্থাপনায় পরিচালিত শক্তিশালী একটি প্রতিষ্ঠানের স্বীকৃতি।
সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত এমএল–৩ সনদ অর্জনে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় গঠিত কমিটি একই সঙ্গে এলডিসি উত্তরণের পর ওষুধ রপ্তানিতে দেওয়া যায় এমন সুবিধাগুলোও খতিয়ে দেখেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, “ডিজিডিএ ওষুধ, ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামের উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণের জন্য দায়িত্বরত হলেও তারা এখনও ডব্লিউএইচও থেকে এমএল–৩ সনদ অর্জন করতে পারেনি। এটি টিকা উৎপাদন ও মান নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। এই সনদ ছাড়া বাংলাদেশি উৎপাদিত ভ্যাকসিনের প্রি-কোয়ালিফিকেশন আবেদনই ডব্লিউএইচও গ্রহণ করে না। ফলে উৎপাদনকারীরা অধিকতর রেগুলেটেড দেশগুলোতে টিকা রপ্তানি করতে পারছে না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ সরকারের শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত এমএল–৩ অর্জন। এটি দেশের ওষুধ ও ভ্যাকসিন শিল্পকে বৈশ্বিক গ্রহণযোগ্যতার নতুন স্তরে পৌঁছে দেবে এবং উদীয়মান বাজারে আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি সহজ কোনো লক্ষ্য নয়। এমএল–৩ অর্জন মানে দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈজ্ঞানিক দক্ষতা, সক্ষমতা ও মান নিয়ন্ত্রণের স্বীকৃতি। ওষুধ, ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রীকে বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন ও মান নির্ধারণের সেই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে যা উন্নত দেশগুলোর রেগুলেটরি সায়েন্টিস্টরা অনুসরণ করে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এমএল–৩ শুধু একটি সনদ নয়—এটি আস্থার প্রতীক। ২০২৫ সালের অক্টোবরে ইথিওপিয়া আফ্রিকায় নবম দেশ হিসেবে এই সনদ অর্জন করেছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সেনেগাল ও রুয়ান্ডা এই স্বীকৃতি পেয়েছে। এই অর্জনের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, তারা নিজ জনগোষ্ঠীর জন্য নিরাপদ, কার্যকর এবং উচ্চ মানের চিকিৎসাপণ্য নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিক পর্যন্ত বিশ্বে ৭০টিরও কম দেশ তাদের জাতীয় ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জন্য কোনো না কোনো স্তরে এমএল–৩ অর্জন করতে পেরেছে। ভারতের ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা (এনআরএ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান) ২০২৪ সালের অক্টোবরে এই সনদ পেয়েছে এবং কিছু ক্ষেত্রে সর্বোচ্চ নম্বরও অর্জন করেছে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) প্রেসিডেন্ট আবদুল মুক্তাদির বলেন, বিশ্বব্যাপী রপ্তানি অনুমোদন পেতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কঠোর তদারকি চালাতে হবে। উৎপাদন স্থাপনার পরিদর্শন ও গুণমান বৈশ্বিক মানে পৌঁছেছে কি না তা নিশ্চিত করাও জরুরি। দেশের অধিকাংশ ওষুধ কোম্পানির উৎপাদন মান যথেষ্ট উচ্চ হলেও অধিদপ্তর এখনও প্রয়োজনীয় নিয়ন্ত্রক সক্ষমতা (রেগুলেটরি ম্যাচিউরিটি) অর্জন করতে পারেনি। তিনি বলেন, “ডব্লিউএইচও ইতোমধ্যে কিছু ঘাটতি চিহ্নিত করেছে। সেগুলো পূরণ করাই এখন সবচেয়ে জরুরি কাজ।”
বাংলাদেশি ঔষধ প্রশাসনের এমএল–৩ অর্জনে ঘাটতি:
২০১৬ সালে এমএল–৩ অর্জনের লক্ষ্যে কাজ শুরু করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কর্মকর্তারা জানান, প্রধান চ্যালেঞ্জ হলো মানবসম্পদ। যেখানে মার্কেট অথরাইজেশন বা ইন্সপেকশনের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে ২০–৩০ জন দক্ষ বিশেষজ্ঞ থাকা উচিত, সেখানে বর্তমানে মাত্র ৪–৬ জন কর্মী রয়েছে।
পর্যাপ্ত সংখ্যক রেগুলেটরি সায়েন্টিস্ট, প্রশিক্ষণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং শক্তিশালী টেকনিক্যাল টিমের অভাব দীর্ঘদিন ধরে অগ্রগতিকে ধীর করে রেখেছে। এছাড়া আইন-কানুন, অবকাঠামো, বিশ্লেষণ ক্ষমতা এবং আধুনিক ল্যাব সুবিধার ঘাটতিও বহু কার্যক্রমে স্কোর কমিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত ৯টি ফাংশনের মধ্যে কিছুতে বাংলাদেশ ৮৫–৯৫ শতাংশ অগ্রগতি দেখিয়েছে। তবে কিছু কার্যক্রম এখনও লেভেল–১ বা লেভেল–২ অবস্থায় রয়েছে। কর্মকর্তারা জানান, যতক্ষণ না প্রতিটি ফাংশন ন্যূনতম লেভেল–২ তে পৌঁছায়, ততক্ষণ এমএল–৩ সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আবদুল মুক্তাদির বলেন, “নিয়ন্ত্রক সংস্থা তথা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উল্লেখযোগ্য উন্নতি না হলে বাংলাদেশ এমএল–৩ সনদ অর্জন করতে পারবে না। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি মনিটরিং সেল গঠন করতে পারে এবং ডব্লিউএইচও অনুমোদন অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারে।”
ঔষধ প্রশাসন: এমএল–৩ অর্জনে পদক্ষেপ কিন্তু সীমাবদ্ধতা আছে:
ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা জানান, ২০১৬ সালের মার্চ থেকে সংস্থাটি ডব্লিউএইচও’র মানদণ্ড অনুযায়ী সিস্টেম পর্যালোচনা এবং সক্ষমতা বৃদ্ধি করার কাজ করছে। এর জন্য আইন সংশোধন, গাইডলাইন প্রণয়ন, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামোগত প্রস্তুতিসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে নয়টি নিয়মিত কার্যক্রমের ওপর ভিত্তি করে মূল্যায়ন করে। তারা কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রদান করে এবং ঘাটতি পূরণের জন্য কারেকটিভ অ্যান্ড প্রিভেনশন অ্যাকশন (সিএপিএ) বাস্তবায়নের নির্দেশনা দেয়।
অধিদপ্তরের একজন সাবেক কর্মকর্তা বলেন, “কিছু সিএপিএ বাস্তবায়ন হলেও সবগুলো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এগুলো পূরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুনর্মূল্যায়নের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাতে হবে। নতুন টিম এলে তারা দেখবে আগের পর্যবেক্ষণ কতটা পূরণ হয়েছে, ভ্যাকসিন নিয়ন্ত্রণ ব্যবস্থায় কতটুকু অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশ এমএল–৩ অর্জনের উপযুক্ত কি না।”
তিনি আরও বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এমএল–৩ একটি গুরুত্বপূর্ণ সূচক। ঔষধ প্রশাসনের উচিত দ্রুত ডব্লিউএইচও-কে পুনর্মূল্যায়নের আমন্ত্রণ পাঠানো এবং বাকি সিএপিএ–গুলো শেষ করা। নয়তো বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানিকারকরা বিশ্ববাজারে বড় বাধার মুখে পড়তে পারেন।”
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ডা. আকতার হোসেন স্বীকার করেছেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। সরকারের সব প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা থাকে। আমাদের জনশক্তি ও সম্পদের সীমা রয়েছে। তবে আমরা অনেক দূর এগিয়েছি। অধিদপ্তর ডব্লিউএইচও মানদণ্ড অনুযায়ী কাজ করছে, প্রয়োজনীয় আইন বাস্তবায়ন ও পর্যাপ্ত জনবল নিয়োগের কাজ চলছে।” তবে ডা. আকতার হোসেন ডব্লিউএইচওকে পুনঃঅডিটের জন্য চিঠি দেওয়া হয়েছে কি না বা নতুন টিম কখন আসবে—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
ফার্মা শিল্পের তাগিদ: এমএল–৩ দ্রুত অর্জন করা জরুরি:
ফার্মাসিউটিক্যাল খাতের নেতারা মনে করছেন, বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদন হলেও তা রপ্তানি করতে না পারা দেশের জন্য বড় ক্ষতি। তাদের মতে, প্রতিটি মাসের দেরিতেই আন্তর্জাতিক বাজারে অবস্থান হারানোর ঝুঁকি বাড়ছে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন টিবিএসকে বলেন, “বাংলাদেশে উৎপাদিত প্রতিটি ভ্যাকসিন লট আন্তর্জাতিক বাজারে ছাড়ার আগে আলাদাভাবে পরীক্ষা ও সার্টিফাই করতে হয়। এই পরীক্ষার জন্য দেশের নিজস্ব ল্যাবকে আন্তর্জাতিক মানে সক্ষম হতে হবে। এজন্য দ্রুত এমএল–৩ অর্জন জরুরি।” তিনি আরও বলেন, “ডিজিডিএ-র ল্যাব যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তাহলে ডব্লিউএইচও ঘোষণা করবে যে বাংলাদেশের ঔষধ প্রশাসনের সনদ বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য। এতে স্থানীয় ল্যাবেই টেস্ট ও সার্টিফিকেশন সম্পন্ন করে সরাসরি রপ্তানি করা সম্ভব হবে।”
এক নজরে দেশের ফার্মাসিউটিক্যাল শিল্প:
-
ইনসেপ্টা, পপুলার ও হেলথকেয়ার—এই তিনটি প্রতিষ্ঠান দেশে ভ্যাকসিন উৎপাদন করছে।
-
ইনসেপ্টা ২০১১ সালে উৎপাদন শুরু করে এবং নিউমোনিয়া, সার্ভিক্যাল ক্যানসার, র্যাবিসসহ ১৬টি মানব ভ্যাকসিন তৈরি করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ১৩ ধরনের প্রাণিসম্পদ ভ্যাকসিনও উৎপাদন করে।
-
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জে ৩,১১৫ কোটি টাকায় দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন করছে। ২০২৭ সালের মধ্যে এই প্ল্যান্টে এইচপিভি, জাপানিজ এনসেফালাইটিস, টাইফয়েড কনজুগেট, মেনিনজোকোকাল, বায়ভ্যালেন্ট ওরাল পোলিও, টিট/টিডি, কলেরা ও ইনফ্লুয়েঞ্জাসহ ১৫টি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য রয়েছে।
সরকারের লক্ষ্য হলো দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ভ্যাকসিন বিদেশে রপ্তানি করা। তবে এমএল–৩ অর্জন না হলে এই পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
ওষুধখাতে রপ্তানির মূল চ্যালেঞ্জ:
বাংলাদেশে ভ্যাকসিন ও ঔষধ রপ্তানি বিস্তার বাধাগ্রস্ত রয়েছে। আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে এখনো ইউএসএফডিএ/ইইউ অনুমোদিত বায়োইকুইভ্যালেন্স বা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার পূর্ণ সক্ষমতা নেই। ফলে স্থানীয় কোম্পানিগুলোকে এসব পরীক্ষা পাশের দেশে পাঠাতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশেষজ্ঞদের মতে, দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) প্রতিষ্ঠা করলে রপ্তানি সহজ হবে।
ঔষধ প্রশাসনের সূত্র জানায়, বর্তমানে দেশে ১৭–১৮টি সিআরও কার্যক্রম চালাচ্ছে। বায়োইকুইভ্যালেন্সসহ গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনার সক্ষমতা মূলত বেসরকারি খাতে গড়ে উঠছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০০৮ সালে চালু হওয়া এপিআই পার্ক এখনো পুরোপুরি কার্যকর হয়নি। অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে সেখানে স্থাপিত কারখানাগুলো উৎপাদন শুরু করতে পারছে না। বিশ্লেষকরা মনে করেন, নিরবচ্ছিন্ন ইউটিলিটি সেবা ছাড়া এপিআই উৎপাদনের গতি কোনোদিন পূর্ণ হবে না।
জাতীয় ওষুধ পরীক্ষাগার (এনডিটিএল) ডব্লিউএইচও-প্রত্যায়িত হলেও বর্তমানে এপিআই নমুনা পরীক্ষা করে না। ফলে স্থানীয় উৎপাদকদের বিদেশে পরীক্ষা করাতে হয়। শিল্প সমিতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটি মনে করছে, এনডিটিএলে এপিআই পরীক্ষার সক্ষমতা গড়ে উঠলে খরচ কমবে, আমদানি নির্ভরতা কমবে, রপ্তানির সময় বাঁচবে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে।
দেশীয় ওষুধ কোম্পানিগুলোর উৎপাদন মান উন্নত হলেও বিশ্ববাজারে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) ও চলমান জিএমপি (সিজিএমপি) নিশ্চিত করলে রপ্তানি সক্ষমতা আরও অনেকটাই বাড়ানো সম্ভব।

