চলতি মাসেও প্রবাসী আয় উজ্জ্বল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন ৮৮ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এটি ছিল ৬২ কোটি ডলার। অর্থাৎ মাত্র সাত দিনে রেমিট্যান্স বেড়েছে ২৬ কোটি ডলার বা ৪২.২১ শতাংশ। গত নভেম্বর মাসে রেমিট্যান্স ছিল ২৮৯ কোটি ডলার, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ৩৯১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ১৭৫ কোটি ডলার। অর্থাৎ ২১৬ কোটি ডলার বা ১৮.৩৯ শতাংশ বেশি।
গত অর্থবছরে প্রবাসী আয় দেশে এসেছে ২০.৩৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় এটি ৬৪২ কোটি ডলার বা ২৬.৮৩ শতাংশ বেশি। অর্থ পাচারে কঠোরতার কারণে হুন্ডি প্রবণতা কমেছে। ফলে প্রবাসীদের বড় অংশের আয় ব্যাংকিং চ্যানেলে আসছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় ডলারের দর স্থিতিশীল রয়েছে ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে বেড়ে গত বৃহস্পতিবার বিপিএম৬ অনুযায়ী দাঁড়িয়েছে ২৬.৮১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলার। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভ কমে ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলার।

