বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এবার রূপার দামও দ্রুত বেড়ে নতুন শিখরে উঠেছে। বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো খোলাবাজারে রুপার দাম আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার কমার সম্ভাবনা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এ কারণে বছরের শুরু থেকে সোনার দাম বাড়তে থাকে এবং রুপাও সেই ধারায় দ্রুত উর্ধ্বমুখী হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার সুদের হার এক-চতুর্থাংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার কমলে ব্যাংকে জমার লাভ কমে যায়, আর স্বল্পমেয়াদী বন্ড কেনার সুবিধাও কমে। ফলে অনেক বিনিয়োগকারী রুপাসহ মূল্যবান ধাতুর দিকে ঝোঁকে।
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াও হি চুয়া বলেন, “সুদের হার কমলে ব্যবসায়ীরা সোনা ও রুপার মতো সম্পদ কেনার দিকে ঝোঁকেন।”
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়ে গেছে। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক ক্রিস্টোফার ওং মনে করেন, সোনার দাম বাড়ায় তুলনামূলক সস্তা বিকল্প খুঁজতে গিয়ে রুপার দামও বেড়েছে। এ বছর সোনার দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
রুপার দাম বাড়ার আরও একটি বড় কারণ হলো প্রযুক্তি খাতে এর ব্যবহার। বিশেষজ্ঞরা জানান, রুপার চাহিদা সরবরাহের চেয়ে দ্রুত বাড়ছে। ইলেকট্রিক যান (ইভি) ও সৌর প্যানেল তৈরিতে রুপার ব্যবহার বেড়েছে, কারণ রুপা তামা বা সোনার চেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী।
সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক কোসমাস মারিনাকিস বলেন, “রুপা শুধু বিনিয়োগের সম্পদ নয়, শিল্প খাতেও রুপার প্রয়োজন বেড়েছে। চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ায় রুপার দাম উর্ধ্বমুখী।”
তিনি আরও জানান, ইভির বিক্রি বাড়তে থাকায় এবং উন্নত ব্যাটারি তৈরিতে রুপার ব্যবহার বাড়লে আগামী মাসগুলোতে রুপার দাম আরও উচ্চ পর্যায়ে থাকতে পারে।
একই সময়ে যুক্তরাষ্ট্র রুপার ওপর শুল্ক আরোপ করতে পারে—এমন আশঙ্কায় দেশটিতে রুপার মজুত বাড়ছে। যুক্তরাষ্ট্র তার মোট রুপার দুই-তৃতীয়াংশ আমদানি করে। সম্ভাব্য শুল্কের উদ্বেগ বিশ্বের অন্য অঞ্চলে রুপার ঘাটতি তৈরি করেছে, যা দাম আরও বাড়িয়ে দিয়েছে।

