প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল) নতুন প্রকল্পে ২৫ মিলিয়ন ইউএস ডলার অর্থায়ন পাচ্ছে জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা ডিইজি থেকে।
গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিবিএমএল ও ডিইজি’র চতুর্থ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজি’র এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (শিল্প ও সেবা) পারভেজ আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বিবিএমএল ২০০৮ সালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজস্ব শিল্পপার্কে উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠানটি পিভিসি ডোর, ফিটিংস, ইলেকট্রিক্যাল সুইচ ও সকেট, ফ্যান, এনার্জি সেভিং বাল্ব, মেলামাইন, স্টেশনারি, ওপাল ও রিসাইকেল পণ্যসহ নানা জনপ্রিয় পণ্য তৈরি করে আসছে। ডিইজি হলো জার্মান উন্নয়নমূলক অর্থায়ন সংস্থা এবং কেএফডব্লিউ গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান। সংস্থাটি উন্নয়নশীল ও উদীয়মান দেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন করে বেসরকারি খাতের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। ১৯৬২ সাল থেকে তারা ঋণ, ইকুইটি এবং পরামর্শসেবা দিয়ে আসছে।
২০১৩ সাল থেকে ডিইজি বিবিএমএলের বিশ্বস্ত অংশীদার। চতুর্থ ঋণচুক্তির মাধ্যমে এই সহযোগিতা নতুন মাইলফলকে পৌঁছেছে। নতুন অর্থায়নের মাধ্যমে বিবিএমএল পুনর্ব্যবহারযোগ্য পণ্য এবং সফট পিভিসি পণ্য যেমন পিইউ লেদার, ফ্লোর ম্যাট, সিলিং ম্যাটেরিয়াল উৎপাদন বাড়াবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে হাউজহোল্ড ক্লিনিং ব্রাশের মতো নতুন পণ্য উৎপাদনেও বিনিয়োগ করা হবে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৯ মিলিয়ন ডলার। এর মধ্যে ডিইজি ২৫ মিলিয়ন ডলার অর্থায়ন দেবে মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি করতে। অর্থায়ন আংশিকভাবে ইউরোপীয় ইউনিয়নের ইএফএসডি+ (ইউরোপীয় ফান্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট প্লাস) দ্বারা গ্যারান্টি যুক্ত থাকবে। ইএফএসডি+ গ্যারান্টি প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ৪০ বিলিয়ন ইউরো গ্যারান্টির মাধ্যমে অংশীদার দেশগুলোতে ১৩৫ বিলিয়ন ইউরোর টেকসই বিনিয়োগ আনা লক্ষ্য। বর্তমানে বিবিএমএলে প্রায় ৯ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। নতুন বিনিয়োগের ফলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরও ১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “ডিইজি সবসময় আমাদের অংশীদার ও পরামর্শদাতা হিসেবে পাশে রয়েছে। এই অর্থায়ন আমাদের ভিশনকে আরও শক্তিশালী করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক কাঁচামাল ব্যবহার করে আমরা দেশে আমদানি-পরিবর্তিত পণ্য উৎপাদন করতে প্রস্তুত, যা গ্রামীণ এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।”
ডিইজি’র চিফ ইনভেস্টমেন্ট অফিসার মনিকা বেক বলেন, “ডিইজি উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোর বেসরকারি খাতে টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বহু বছর ধরে আমরা আমাদের অর্থায়ন সুবিধা ও বিজনেস সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রামের মাধ্যমে বিবিএমএলের টেকসই প্রবৃদ্ধিকে সমর্থন করছি। এই চুক্তি আমাদের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।”
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মিনিস্টার কাউন্সিলর মিশাল ক্রেজা বলেন, “বাংলাদেশে বেসরকারি খাতের কোনো ঋণের জন্য এটি প্রথমবারের মতো ইইউ গ্যারান্টি। এটি গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় প্রাণ-আরএফএলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ভাবন ও নতুন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যকে প্রতিফলিত করে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপমান, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লম, ডিইজি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফাহমিদা আহমেদ, ইনভেস্টমেন্ট ম্যানেজার ফাইয়াজ হোসেন এবং অ্যানালিস্ট শামস আরেফিন।
প্রাণ-আরএফএল বাংলাদেশের অন্যতম বহুমুখী ব্যবসায়িক গ্রুপ। এটি দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও গৃহস্থালি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রুপটি ১৪৮ দেশে পণ্য রপ্তানি করছে এবং প্রায় ১ লাখ ৬৮ হাজার মানুষকে সরাসরি কর্মসংস্থান দিয়েছে।

