চিকিৎসা ব্যয়ে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি, সঠিক রোগ নির্ণয়ে দুর্বলতা এবং সেবার মান নিয়ে অসন্তোষ এর বড় কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যখাতে জিডিপির এক শতাংশেরও কম সরকারি বরাদ্দ। পরিস্থিতি বদলাতে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি; মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধে দেশের স্বাস্থ্যখাতের বর্তমান চিত্র ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা চেম্বারের সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী।
মূল প্রবন্ধে বলা হয়, দেশে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকারি স্বাস্থ্য ব্যয়ে বরাদ্দ জিডিপির এক শতাংশেরও কম। মোট চিকিৎসা ব্যয়ের ৭৩ শতাংশ রোগীদের নিজস্ব পকেট থেকে বহন করতে হয়। স্বাস্থ্য বিমার আওতায় রয়েছে মাত্র ২.৫ শতাংশ মানুষ। দেশের প্রায় ৮০ শতাংশ হাসপাতালে উন্নত ডায়াগনস্টিক যন্ত্রপাতি নেই। বেসরকারি খাত প্রায় ৬০ শতাংশ সেবা দিলেও উচ্চ ব্যয় ও সেবার মানে তারতম্য রয়েছে।
প্রবন্ধে উল্লেখ করা হয়, বিদেশে চিকিৎসার জন্য প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। চিকিৎসার জন্য সবচেয়ে বেশি রোগী যান ভারতে। ভারতের চিকিৎসা ভিসার প্রায় ৫২ শতাংশই বাংলাদেশিদের জন্য ইস্যু করা হয়। ২০২৪ সালে প্রায় ৪ লাখ ৮২ হাজার বাংলাদেশি রোগী ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের পর থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসার জনপ্রিয় গন্তব্য। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থার অভাব, রোগ নির্ণয়ের সঠিকতা নিয়ে সন্দেহ, হঠাৎ বিল বেড়ে যাওয়া এবং লুকানো খরচের আশঙ্কা রোগীদের বিদেশমুখী করছে। নকল ওষুধ ও নিম্নমানের সামগ্রীর ভয়ও একটি বড় কারণ।
প্রবন্ধে আরও বলা হয়, সেবার মানে ঘাটতি রয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতাও পর্যাপ্ত নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। উন্নত চিকিৎসাসেবা দেশের মাত্র ১৫টি কেন্দ্রে সীমাবদ্ধ। ফলে অনেক রোগী বাধ্য হয়ে বিদেশে চিকিৎসা নিতে যান। চিকিৎসার খরচ আগেভাগে নির্ধারিত না থাকা, জটিল রোগের পর পর্যাপ্ত ফলোআপ সেবার অভাব, একক স্বাস্থ্য তথ্য ব্যবস্থার অনুপস্থিতি এবং স্বাস্থ্য প্রোগ্রামের তদারকি ও ক্রয় ব্যবস্থার দুর্বলতাও সমস্যাকে বাড়িয়ে তুলছে। এসবের ফলে রোগী ও তাদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসেবার প্রতি আস্থা কমে যাচ্ছে।
দেশে বর্তমানে ৩৬টি স্পেশালাইজড হাসপাতাল রয়েছে। এর মধ্যে ঢাকায় ১৯টি এবং ঢাকার বাইরে ১৭টি। ঢাকা বিভাগে হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১ হাজার ৮১০টি। বাকি সাত বিভাগে রয়েছে ৩ হাজার ৬৫১টি হাসপাতাল ও ক্লিনিক। এতে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ায় সরকারি স্বাস্থ্য ব্যয়ে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। মাথাপিছু সরকারি স্বাস্থ্য ব্যয় মাত্র ১ হাজার ৭০ টাকা। দেশের প্রায় ৪৯ শতাংশ মানুষ এখনও মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জনগণের জন্য কার্যকর ও উপযোগী স্বাস্থ্যসেবা কর্মসূচি এখনো পর্যাপ্ত নয়।
প্রবন্ধে ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বাজারের আকার হবে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ থেকে ২০৩৩ সালের মধ্যে এই বাজার বেড়ে প্রায় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, অর্থাৎ খাতটির আকার প্রায় দ্বিগুণ হবে। একই সময়ে দেশে মেডিকেল ডিভাইসের বাজারও দ্রুত বাড়ছে। ২০২৫ সালে এই বাজার ৮২০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা ২০২০ সালে ছিল ৪৪২ মিলিয়ন ডলার। আমদানির চাহিদা বাড়ায় এই খাতে প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রবন্ধে বলা হয়, স্বাস্থ্যখাতের এই শক্তিশালী প্রবৃদ্ধি দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এজন্য সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিনিয়োগ বাড়ানো জরুরি।

