মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের দামকে মানদণ্ড হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট দামের পুনঃপর্যালোচনা শুরু করেছে। বিদ্যুৎ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের সময়ে এই দুই কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়েছিল। এতে রাষ্ট্রীয় স্বার্থে ক্ষতি হয় এবং বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো অতিরিক্ত সুবিধা পায়।
সরকার চলতি বছরের এপ্রিলে ১,২০০ মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করেছে ইউনিটপ্রতি ৮ টাকা ৪৫ পয়সা। তুলনামূলকভাবে, ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১৩ টাকা ৫৭ পয়সা এবং একই ক্ষমতার পায়রা কেন্দ্রের বিদ্যুতের দাম ১২ টাকা।
বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, এই বড় ব্যবধান কমাতে রামপাল ও পায়রা প্রকল্পের মূল খরচগুলো নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আমদানিকৃত কয়লার দাম, জ্বালানি ব্যবস্থাপনা ও লজিস্টিক ব্যয়, রক্ষণাবেক্ষণ খরচ, কেন্দ্রের দক্ষতা, ক্যাপাসিটি পেমেন্ট, ঋণ পরিশোধ এবং গ্রিড সংযোগ ব্যয়।
২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আগের সরকারের সময় স্বাক্ষরিত বিদ্যুৎ খাতের চুক্তিগুলো পর্যালোচনা করছে। এর ধারাবাহিকতায় জানুয়ারিতে বিদ্যুৎ বিভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ (বিদ্যুতের দাম) পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করে।
পর্যালোচনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রামপাল ও পায়রার চুক্তিগুলোতে কিছু শর্ত রাষ্ট্রের জন্য অনুকূল নয়। কোম্পানিগুলোর সুবিধার জন্য শর্ত যুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এখন এসব শর্ত পুনর্বিবেচনার জন্য কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে এবং নতুন শর্ত নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে।”
সাধারণত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ নির্ধারণ করা হয় কয়লার দাম, আমদানি ও পরিবহন ব্যয়, ঋণ পরিশোধের সময়সূচি, বিনিময় হার ধরে নেওয়া অনুমান, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যয়, উৎপাদনের দক্ষতা এবং গ্রিড–সংক্রান্ত খরচের ভিত্তিতে।
এপ্রিল মাসে মাতারবাড়ীর ট্যারিফ পুনর্নির্ধারণের পর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান বলেন, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দামকে বেঞ্চমার্ক হিসেবে ধরে অন্য কেন্দ্রগুলোর সঙ্গে আলোচনায় সহায়তা করবে।
রামপাল ও পায়রা কেন্দ্রের সঙ্গে আলোচনার অগ্রগতি জানতে চাইলে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ জানান, “দুটি কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। নেগোসিয়েশন কমিটি কাজ করছে। এগুলো বাধ্যতামূলক চুক্তি, তাই বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তারপরও আমরা আশাবাদী যে সমাধান পাওয়া যাবে।”
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, পুনঃআলোচনার প্রক্রিয়ার কারণে অর্থ মন্ত্রণালয় মে মাস থেকে রামপাল ও পায়রাকে প্রদত্ত ভর্তুকির অংশ স্থগিত রেখেছে। এর ফলে কেন্দ্র দুটির বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ ও কয়লা আমদানি করার জন্য এলসি খোলায় সমস্যা হচ্ছে।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগ অর্থ বিভাগের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পায়রা বিদ্যুৎকেন্দ্রের বকেয়া ভর্তুকির পরিমাণ ২,৪৪০ কোটি টাকা। একই সময়ে রামপাল কেন্দ্রের বকেয়া পড়েছে ১,৫৫৪ কোটি টাকা। কর্মকর্তারা আরও জানিয়েছেন, উভয় কোম্পানি কয়লা আমদানির জন্য এলসি খোলার অর্থ জোগাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। পায়রা বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানাধীন। রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারতের এনটিপিসি ও বিপিডিবির যৌথ উদ্যোগ। দুই প্রকল্পেই সরকারের মালিকানা ৫০ শতাংশ।
পিপিএ চুক্তি একতরফাভাবে সংশোধন কঠিন:
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, “রামপাল ও পায়রার বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) এমনভাবে তৈরি করা হয়েছে যে সহজে একতরফাভাবে সংশোধন করা যায় না। চুক্তিতে বলা আছে, কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে তখনই সংশোধনের প্রক্রিয়া শুরু করা যাবে। সেক্ষেত্রে সরাসরি পরিবর্তন সম্ভব নয়। প্রথমে আলোচনা, মধ্যস্ততাকারীর নিয়োগ, এরপর আরবিট্রেশনের ধাপ পেরিয়ে উদ্যোগ নেওয়া যাবে।”
ড. জাহিদ হোসেন আরও বলেন, “তবে সরকার কোম্পানি দুটির সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তি সংশোধন করতে পারে। কারণ চুক্তিগুলো একতরফাভাবে করা হয়েছে। ঝুঁকি সব সরকারের ওপর, আর মুনাফা কোম্পানির। এটি ক্রনি ক্যাপিটালাইজেশনের ক্লাসিক্যাল উদাহরণ। যাচাই-বাছাই করে প্রমাণ করা সম্ভব। যদি প্রমাণ হয় চুক্তি একতরফা, তবে জটিলতা তৈরি হবে। সমঝোতার মাধ্যমে উভয়পক্ষের জন্য সমান সুবিধা রেখে চুক্তি সংশোধন করা ভালো।”
এই দুটি কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। তবে কোম্পানি দুটির মালিকানার সঙ্গে বিপিডিবিও যুক্ত। বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ট্যারিফ অনুমোদন ছাড় না পাওয়ায় কয়েকটি কেন্দ্রের ভর্তুকি স্থগিত:
আগের সরকারের সময়ে মন্ত্রিসভার সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি (সিসিজিপি) অনুমোদন না নিয়েই ট্যারিফ অনুমোদনের কারণে আরও কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকির অর্থপ্রদান আটকে গেছে।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সিসিজিপির অনুমোদন না নিয়েই রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) চারটি এবং বিআর পাওয়ারজেন লিমিটেডের দুটি কেন্দ্রের বিদ্যুৎ ক্রয় শুরু করেছিলেন। এসব কেন্দ্রের ইউনিট প্রতি দামও তিনি অনুমোদন করেছিলেন।
এই কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—আরপিসিএলের ময়মনসিংহ ২১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল কেন্দ্র, গাজীপুরের ৫২ মেগাওয়াট ও রাউজানের ২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল প্ল্যান্ট, গাজীপুরের ১০৫ মেগাওয়াট এইচএফও–ভিত্তিক কেন্দ্র এবং বিআর পাওয়ারজেনের গাজীপুরের কোড্ডা ও মিরসরাইয়ের ১৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র।
সিসিজিপির অনুমোদন না থাকায় অর্থ বিভাগ প্রথমে ২০২৪ সালের এপ্রিল মাসে এসব কেন্দ্রের ভর্তুকি স্থগিত করে। এরপরই ট্যারিফ পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হয়, যা আগস্টে সরকার পরিবর্তনের পরও চলমান রয়েছে। যদিও পরে এপ্রিল ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ সময়ের জন্য ১,৬০০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে, চলমান ট্যারিফ আলোচনার কারণে মে মাস থেকে আবারও ভর্তুকি প্রদান বন্ধ রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১,০২০ কোটি টাকা—এর মধ্যে বিআর পাওয়ারজেনের ৪৯০ কোটি এবং আরপিসিএলের ৫৩০ কোটি টাকা।
বিআর পাওয়ারজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন বলেন, “পিপিএ স্বাক্ষর না হওয়ায় মিরসরাই কেন্দ্রের ভর্তুকি দেওয়া হয়নি। গাজীপুরের কড্ডা কেন্দ্রের বিদ্যুতের দাম সংশোধন করা হচ্ছে। তাই ভর্তুকি দেওয়া সম্ভব হয়নি। ব্যাংক থেকে কমার্শিয়াল রেটে ঋণ নিয়ে খরচ চালাতে হচ্ছে।” আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিদ্যুৎ বিভাগ বিষয়টি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করেছে। কর্মকর্তারা জানান, ইতোমধ্যে তিনটি কেন্দ্রের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে, বাকি তিনটির অনুমোদন প্রক্রিয়াধীন।

