বাংলাদেশ স্বাস্থ্য খাতে পিছিয়ে আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে দেশের স্বাস্থ্য খাতে ব্যয় সবচেয়ে কম। সরকারি খাতে মাথাপিছু স্বাস্থ্য খরচ মাত্র ১ হাজার ৭০ টাকা। স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ মাত্র ১ শতাংশ। দেশের ৪৯ শতাংশ মানুষ এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পায় না। বিদেশে চিকিৎসার জন্য প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার দেশ বাইরে যাচ্ছে। যদিও দেশের স্বাস্থ্য খাতের মোট বাজার বর্তমানে প্রায় ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এই বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী আট বছরে খাতের বাজার আরও ৯ বিলিয়ন ডলার বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০৩৩ সালের মধ্যে স্বাস্থ্য খাতের বাজার ২৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি: মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাত কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি। কারণ হলো অপ্রতুল অবকাঠামো, নতুন প্রযুক্তি ব্যবহার না করা, দক্ষ মানবসম্পদের ঘাটতি, সেবা প্রাপ্তিতে উচ্চ ব্যয়, ব্যবস্থাপনার ঘাটতি এবং নীতিমালার তদারকির অভাব।
প্রধান অতিথি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, “স্বাস্থ্য সেবায় কিছু অর্জন থাকলেও মান নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারকে এতে এগিয়ে আসতে হবে। দেশের স্বাস্থ্য সেবার মান উন্নত দেশগুলোর মতো নয়, এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর থেকেও আমরা পিছিয়ে রয়েছি। ইউনিভার্সাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন, তবে প্রাইমারি হেলথ কেয়ারে বেশি জোর দিতে হবে।” তিনি আরও বলেন, খাতের ব্যবস্থাপনায় উন্নয়নের পাশাপাশি বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী। তিনি বলেন, সরকারের জনপ্রতি স্বাস্থ্য খরচ ১ হাজার ৭০ টাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী ৪৯ শতাংশ মানুষ গুণগত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। খাতের মোট বাজার বর্তমানে ১৪ বিলিয়ন ডলার, যা ২০৩৩ সালে ২৩ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রাখে।
ইসমাইল বারী আরও বলেন, স্বল্প বাজেট, অদক্ষ ব্যবস্থাপনা, শহর-গ্রামে স্বাস্থ্যসেবার বৈষম্য, সেবার মান ও আস্থার ঘাটতি, দক্ষ স্বাস্থ্যকর্মীর সংকট, ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ব্যয়, অপ্রতুল অবকাঠামো এবং দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থা খাতের প্রধান প্রতিবন্ধকতা। রোগীরা ভালো সেবা পেতে অন্যান্য দেশে চিকিৎসা নিচ্ছে। এর ফলে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার দেশ বাইরে চলে যাচ্ছে।
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “দেশে মানসম্মত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে কাঠামোগত ঘাটতি রয়ে গেছে। সরকারি ও বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা মানের অসমতা, প্রশিক্ষিত মানবসম্পদের ঘাটতি, অনুমোদনহীন ক্লিনিক ও ফার্মেসির সম্প্রসারণ, ভুল রোগ নির্ণয়, ভুয়া ওষুধ এবং তদারকির দুর্বলতা, আধুনিক প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা এবং আইন বাস্তবায়নে উদাসীনতা জনস্বাস্থ্য নিরাপত্তা এবং আস্থা ক্ষতিগ্রস্ত করছে।” তিনি বলেন, স্বাস্থ্য বিমা ব্যবস্থার কার্যকর ব্যবহার না থাকার কারণে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪ শতাংশ রোগীদের নিজস্ব খরচে বহন করতে হয়। এতে নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠী আর্থিক ঝুঁকিতে পড়ে।
সেমিনারের আলোচনায় গ্রিন লাইফ সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক সৈয়দ আতিকুল হক বলেন, “সরকারি হাসপাতালেই দেশের বেশির ভাগ মানুষ চিকিৎসা নিচ্ছেন। তাই সরকারি হাসপাতালগুলোতে সর্বোত্তম মান নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। খাতের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।”
ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী বলেন, “দেশীয় স্বাস্থ্য খাতের বাজার বৃদ্ধি পাচ্ছে। আস্থা ফিরাতে সরকারি-বেসরকারি খাত এবং জনগণকে একযোগে কাজ করতে হবে। পিপিপি মডেলও ব্যবহার করা যেতে পারে। বিদেশি শিক্ষার্থীরা প্রতিবছর দুই হাজার কোটি টাকা ব্যয় করছেন, অথচ অনেক বাংলাদেশি অন্যান্য দেশে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে সচেতনভাবে চিন্তা করা প্রয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. শাফিউন নাহিন শিমুল বলেন, “স্বাস্থ্য খাতের আস্থা বাড়াতে সেবা প্রদানকারীদের সঙ্গে রোগীর যোগাযোগ বৃদ্ধি, নেতিবাচক স্বাস্থ্য সংবাদ পরিহার এবং প্রাথমিক স্বাস্থ্য সেবার ওপর জোর দেওয়া প্রয়োজন।”
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল ডা. মো. জাকির হোসেন বলেন, “দেশে ঔষধের ৯৭ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে এবং ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে। তবে স্বাস্থ্য নীতি ২০১১ সাল থেকে যুগোপযোগী করা হয়নি। দীর্ঘমেয়াদি টেকসই নীতিমালা এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বয় অপরিহার্য। স্বাস্থ্য খাতের অর্থায়ন কৌশলও জরুরি।”
আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের সিনিয়র সায়েন্টিস্ট ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আইসিডিডিআরবি থেকে প্রতিবছর প্রায় তিন লাখ রোগী ডায়রিয়া সেবা নিচ্ছে। আমাদের মডেল অন্য জায়গায় অনুসরণযোগ্য। এছাড়া ক্যানসার ডায়াগনস্টিক জেনোমিক্স ও ডেঙ্গি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। আগামী দুই বছরে ডেঙ্গি ভ্যাকসিন পাওয়া সম্ভব।”

