জাহাজ ভাঙা শিল্পের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চট্টগ্রামে অবশেষে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের প্রথম নিজস্ব কার্যালয় চালু হচ্ছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে বোর্ডের কার্যক্রম শুরু হবে। এর ফলে ইয়ার্ড মালিকদের অনুমোদনের জন্য ঢাকায় ছুটতে হবে না।
শিপ রিসাইক্লিং শিল্পের তদারকি ও উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে বোর্ডটি গঠিত হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় দীর্ঘ সাত বছর কার্যত নিষ্ক্রিয় ছিল। চলতি বছরের মার্চ মাসে একজন মহাপরিচালক ও দুইজন উপ-পরিচালক নিয়োগের মধ্য দিয়ে কার্যক্রমে গতি এসেছে।
জাহাজ ভাঙা শিল্পের মূল কেন্দ্র চট্টগ্রামের সীতাকুণ্ড হওয়ায় বোর্ডের অফিসও এখানেই স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ পর্যন্ত মন্ত্রণালয়ের একটি কক্ষে বসে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। নগরীর আগ্রাবাদে জাম্বুরি মাঠ সংলগ্ন নবনির্মিত বিএসটিআই ভবনের অষ্টম তলায় নতুন কার্যালয়টি স্থাপন করা হয়েছে। প্রায় ১৮ হাজার বর্গফুটের এই অফিস রোববার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহাপরিচালক আরও বলেন, “এখান থেকে জাহাজ আমদানি, ভাঙা এবং ইয়ার্ড অনুমতিসহ অন্তত ২৯ ধরনের লাইসেন্স, অনুমোদন ও নবায়ন সরাসরি সম্পন্ন করা যাবে। আগে এসবের জন্য উদ্যোক্তাদের ঢাকায় যেতে হতো, এখন আর প্রয়োজন হবে না।”
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কার্যালয় চালু হলে জাহাজ ভাঙা শিল্পের ব্যবসায়ীদের সময় ও খরচ—উভয়ই কমবে। তারা আশা করছেন, বোর্ডটি ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে কাজ করবে। এটি লাইসেন্স প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি শিল্পের সুশৃঙ্খল ও টেকসই বিকাশে নীতিগত সহায়তা দেবে।

