চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরুতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নন-ট্র্যাডিশনাল বা অপ্রচলিত বাজারগুলোতে নেতিবাচক চিত্র দেখা যাচ্ছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে এসব বাজারে রপ্তানি কমেছে ৩.৩৯ শতাংশ। একই সময়ে কিছু প্রচলিত বাজারে সামান্য প্রবৃদ্ধি হলেও সামগ্রিকভাবে নতুন বাজারে রপ্তানির গতি মন্থর হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, তুরস্ক ও মেক্সিকোর মতো গুরুত্বপূর্ণ অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি কমেছে তুলনামূলকভাবে বেশি হারে। এসব দেশ বাংলাদেশের নন-ট্র্যাডিশনাল মার্কেটের বড় অংশ জুড়ে রয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক ভোক্তা ব্যয়ের ধীরগতি, শক্তিশালী বিপণন কার্যক্রমের অভাব, বাজারের চাহিদা অনুযায়ী পণ্যে বৈচিত্র্য না আনা এবং নতুন বাজারে সরকারি প্রণোদনা কমে যাওয়াই রপ্তানি কমার প্রধান কারণ। বর্তমানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১৬ শতাংশ যায় নন-ট্র্যাডিশনাল মার্কেট হিসেবে পরিচিত দেশগুলোতে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের বাইরে থাকা প্রায় ১৫টি দেশ এই তালিকায় রয়েছে।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ মাসে ভারতে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশের বেশি। এ সময়ে ভারতে রপ্তানি হয়েছে ২৯৮ মিলিয়ন ডলারের পোশাক, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ মিলিয়ন ডলার কম। নন-ট্র্যাডিশনাল মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে বড় গন্তব্য অস্ট্রেলিয়ায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রপ্তানি হয়েছে ৩১৩ মিলিয়ন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি কমেছে ১২ শতাংশ, মেক্সিকোতে ১৬ শতাংশ, তুরস্কে ২৫ শতাংশ এবং রাশিয়ায় ২৩ শতাংশ। তবে সব অপ্রচলিত বাজারে রপ্তানি কমেনি। ব্রাজিল, চীন, জাপান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার মতো কয়েকটি দেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, সামগ্রিকভাবে রপ্তানির অবস্থা সন্তোষজনক নয়। নন-ট্র্যাডিশনাল মার্কেটে পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণ হিসেবে তিনি দুর্বল মার্কেটিং, নিয়মিত যোগাযোগের অভাব এবং ইনসেনটিভ কমে যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোরিয়া ও জাপানের বাজারে চীন যেভাবে আক্রমণাত্মক মার্কেটিং করছে, বাংলাদেশ তা করতে পারছে না। পাশাপাশি এসব দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোর কমার্শিয়াল উইং প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।
শিহাব উদ্দোজা চৌধুরী আরও বলেন, একসময় নতুন বাজারে রপ্তানি উৎসাহিত করতে ৫ শতাংশ নগদ প্রণোদনা ছিল। এখন তা কমে ২ শতাংশে নেমে এসেছে। এতে রপ্তানিকারকেরা নিরুৎসাহিত হচ্ছেন।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের মতে, বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উন্নয়ন করতে না পারা এবং দুর্বল বিপণন কৌশলও রপ্তানি কমার অন্যতম কারণ।
অন্যদিকে, প্রচলিত বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩.২২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩.১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া কানাডায় ৬.৫১ শতাংশ এবং যুক্তরাজ্যে ৩ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে চিত্র মিশ্র। স্পেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডসে রপ্তানি বাড়লেও একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানিতে রপ্তানি কমেছে। একই সঙ্গে ফ্রান্স, ডেনমার্ক ও ইতালিতেও তৈরি পোশাক রপ্তানিতে পতন দেখা গেছে।

