শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের আয়ের বড় অংশ এখন সহযোগী কোম্পানি থেকে আসছে। গত হিসাব বছরে কোম্পানিটি নিজস্ব ব্যবসা থেকে প্রায় ১৬ কোটি ৪২ লাখ টাকা পরিচালন লোকসান দেখালেও কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা।
এই মুনাফা এসেছে ১৫০ মেগাওয়াট ক্ষমতার সহযোগী কোম্পানি ইউনাইটেড পায়রা পাওয়ার থেকে প্রাপ্ত সাড়ে ৩২ কোটি টাকার আয়ের মাধ্যমে। এ অবস্থায় কোম্পানির ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষক প্রতিষ্ঠান এসএফ আহমেদ অ্যান্ড কোং কিছু সংশয় প্রকাশ করেছে।
তবে খুলনা পাওয়ার জানিয়েছে, নিজস্ব বিদ্যুৎকেন্দ্র না থাকলেও তারা নিট ১১ কোটি ৪৮ লাখ টাকা মুনাফা করেছে। কোম্পানির ‘ক্যাশ ফ্লো’ পজিটিভ ছিল ৬১ কোটি ৪৬ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ ২০২৪ সালের ২৩ মার্চ শেষ হওয়ার পাঁচ দিন পর ‘বিদ্যুৎ না দিলে টাকা নয়’ নীতিতে নতুন চুক্তি প্রস্তাব করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তা হয়নি।
খুলনা পাওয়ার আরও জানিয়েছে, ইউনাইটেড পায়রা পাওয়ারে তাদের ৩৫ শতাংশ অংশীদারিত্ব আছে। বিপিডিবি-র সঙ্গে ১৫ বছরের বিদ্যুৎ সরবরাহ চুক্তি ২০২১ সালের ১৮ জানুয়ারি শুরু হয়েছে। অর্থাৎ নিজস্ব উৎপাদন না থাকলেও অন্তত আগামী ১০ বছর সহযোগী কোম্পানি থেকে আয় নিশ্চিত।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত হিসাব বছরে কোম্পানির নিজস্ব বিদ্যুৎকেন্দ্র থেকে বিপিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করে আয় হয়েছে ৮২ কোটি ২২ লাখ টাকা, যেখানে ব্যয় হয়েছে ৯৮ কোটি ৬৪ লাখ টাকা। ফলে পরিচালন লোকসান দাঁড়িয়েছে ১৬ কোটি ৪২ লাখ টাকায়।
কিন্তু সহযোগী কোম্পানি থেকে প্রাপ্ত ৩২ কোটি ৩৬ লাখ টাকার আয় এবং অন্যান্য খাত থেকে ৩ কোটি টাকার আয় মিলিয়ে নিট মুনাফা হয়েছে প্রায় ১১ কোটি ৪৮ লাখ টাকা। এর থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ বা পাঁচ কোটি ৯৬ লাখ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা নিজেরা কোনো লভ্যাংশ নিচ্ছেন না।
গত হিসাব বছরে ‘বিদ্যুৎ না দিলে টাকা নয়’ নীতিতে কিছু দিন নিজস্ব কেন্দ্র চালু থাকলেও চলতি হিসাব বছরে তা সম্পূর্ণ বন্ধ। তবু চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে ২৫ পয়সা, যেখানে গত বছরের মোট ইপিএস ছিল ২৯ পয়সা।
তবুও নিরীক্ষক তাদের প্রতিবেদনে কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রমের অনিশ্চয়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। বিপিডিবির সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর হয়নি। ফলে কোম্পানির উৎপাদন কার্যক্রম অনিশ্চিত, এবং জমি ছাড়া বাকি সম্পদের প্রকৃত মূল্যায়ন ও কার্যক্রম চালিয়ে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত রোববার ঢাকার শেয়ারবাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। মিউচুয়াল ফান্ড খাতের গড় দর আড়াই শতাংশ বেড়েছে। ব্যাংক, বীমাসহ সব খাতের অধিকাংশ শেয়ারই দর হারিয়েছে। সর্বাধিক দর হ্রাস হয়েছে বীমা ও টেলিযোগাযোগ খাতে, গড়ে পৌনে ২ শতাংশ। প্রকৌশল খাতের শেয়ার কমেছে গড়ে দেড় শতাংশ।

