ধারাবাহিকভাবে রপ্তানি আয় কমছে, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ, শেয়ারবাজারে মন্দা, কর্মসংস্থানের সংকোচন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ — সব মিলিয়ে দেশের অর্থনীতি গুরুতর চাপে রয়েছে। এ নেতিবাচক ছবির মধ্যেও স্বস্তি সৃষ্টি করেছে প্রবাসী রেমিট্যান্স। দেশের বাইরে থাকা প্রবাসীরা রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখছেন।
মূলত রেমিট্যান্সের ওপর ভর করেই দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের প্রবাহ না থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৯.৫৯ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এটি ছিল ২৪.২৪ বিলিয়ন ডলার। অর্থাৎ রেমিট্যান্স বেড়েছে ৫.৩৫ বিলিয়ন ডলার, শতকরা বৃদ্ধি ১৮ শতাংশ।
গত বছরের জুলাইয়ে বিপ্লবে পতিত প্রধানমন্ত্রী হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রেমিট্যান্সে রেকর্ড বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ৪৬ শতাংশের বেশি। এ সময়ে প্রবাসী আয় হয়েছে ৪১.৪৫ বিলিয়ন ডলার। আগের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮.৩২ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা মনে করেন, রেমিট্যান্স বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি এসেছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্সের ওপর ভর করেই বৈদেশিক লেনদেনে ভারসাম্য বিরাজ করছে। এটি না থাকলে আমরা যে ‘কমফোর্ট জোনে’ আছি, তা সম্ভব হত না। বৈদেশিক মুদ্রা বিনিময়হারে স্থিতিশীলতা বিরাজ করছে এবং রিজার্ভও ধীরে ধীরে বাড়ছে।
ড. জাহিদ বলেন, কৃষি খাতও দেশের অর্থনীতির প্রতিরোধ শক্তি। নানা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও কৃষকরা ফসল ফলাচ্ছেন এবং ফলন ভালো হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের সমস্যা সামাল দেওয়া সম্ভব হয়েছে। তবে গ্যাস সংকট বিনিয়োগ ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, স্বল্পমেয়াদি চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব। এছাড়া, আমেরিকার শুল্কের সুযোগ এখন কাজে লাগানো যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও এমআরএ-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. হেলাল উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে সব সূচক সমানভাবে কাজ করে না। কোনাে একটি সূচক খারাপ থাকলেও অন্য সূচকগুলো সমর্থন দেয়। বর্তমানে রেমিট্যান্স দেশের রিজার্ভ বাড়াচ্ছে, বৈদেশিক মুদ্রার বিনিময়ে স্থিতিশীলতা আনছে এবং ভোক্তার ভোগও ইতিবাচক করছে।
রেমিট্যান্স বাড়ার পেছনে ব্যাংকিং চ্যানেল ও কালোবাজার ডলারের মধ্যে পার্থক্য কম হওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠানোর প্রবণতা বেড়েছে, ডলার পাচার কমেছে এবং হুন্ডিও আগের তুলনায় কমে এসেছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে সংকট তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার আমলে দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক দখল, শেয়ারবাজারে কারসাজি ও বেহিসাবি বিদেশি ঋণের কারণে আর্থিক ভিত্তি নাজুক হয়ে পড়ে।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ব্যবসায়ী ও আমলাদের মধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কেউ কেউ আত্মগোপনে বা কারান্তরীণ। ১৫ বছরের লুটপাটের অর্থনৈতিক ভিত্তিতেও রূপান্তর ঘটছে। এর কারণে ব্যবসা-বাণিজ্য ধীর, নতুন বিনিয়োগ স্থবির। বিগত আমলে নেওয়া হরিলুট প্রকল্পও বন্ধ হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও ব্যাহত হয়েছে। গত অর্থবছরে এডিপি বাস্তবায়ন মাত্র ৬৮ শতাংশ, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকার ১০৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। তার পরিশোধে চাপ বাড়ছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার এক অর্থবছরে চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। তবুও রিজার্ভ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, শেখ হাসিনার সরকারের শেষ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার। এখন তা প্রায় ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে লেনদেন ভারসাম্য ঋণাত্মক ৬৬০ কোটি ডলার, ২০২৪-২৫ অর্থবছরে ১৪ কোটি ডলার উদ্বৃত্ত। আমদানি বেড়েছে ৭.৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপের কারণে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময়হার বাজারে ছেড়ে দেয়ার চিন্তা করেছিল। কিন্তু রেমিট্যান্সের বড় প্রবাহ ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখছে। ব্যাংক বাজার থেকে প্রচুর ডলার কিনছে। বর্তমানে ডলারের বিনিময়হার ১২২.২৭ টাকা।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, গত ১৫ মাসে শ্রমিক রপ্তানি বেশি হওয়ায় রেমিট্যান্সও বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর ব্যাংক লুট ও অর্থপাচার বন্ধ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেড়েছে। রিজার্ভও ২০-২২ বিলিয়ন ডলার থেকে ৩০ বিলিয়ন ডলারের উপরে উঠে এসেছে। তিনি বলেন, রিজার্ভ বাড়া ‘জীবনরক্ষাকারী ওষুধের’ মতো।
মাসরুর রিয়াজ আরও বলেন, রিজার্ভ বাড়ায় আমদানিতে বিধিনিষেধ উঠেছে। সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়েছে। গ্যাস সংকট কমানোও সম্ভব হয়েছে। না হলে বৈদেশিক মুদ্রার মান পড়ে যেত এবং মূল্যস্ফীতি বেড়ে যেত। বর্তমানে মূল্যস্ফীতি ৮ শতাংশের কিছু বেশি, নাহলে তা ১২-১৩ শতাংশে গিয়ে পৌঁছাত। তিনি রেমিট্যান্স বাড়াতে বাজার সম্প্রসারণ ও দক্ষ শ্রমিক প্রেরণের গুরুত্ব আরোপ করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ২৪.৯০ শতাংশ প্রবৃদ্ধি হলেও পাঁচ মাস শেষে (জুলাই-নভেম্বর) মোট প্রবৃদ্ধি মাত্র ০.৬২ শতাংশে নেমে এসেছে। গত চার মাসে রপ্তানি আয় টানা কমছে। নভেম্বর মাসে রপ্তানি আয় কমেছে ৫.৫৪ শতাংশ, ৩.৮৯ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ে ৪.১২ বিলিয়ন ডলার ছিল।
প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি কমেছে ৫ শতাংশ। বিনিয়োগেও বড় ধরনের খরা বিরাজ করছে। ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বেসরকারি খাতে বিনিয়োগ বেড়েছে ৬.২৩ শতাংশ, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

