গ্যাস অনুসন্ধানের আওতা বাড়াতে শেভরনের দেওয়া বিনিয়োগ প্রস্তাব নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি মূল্যায়নের জন্য গত ১২ নভেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সচিব ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে। সদস্য হিসেবে রয়েছেন বাপেক্সের চেয়ারম্যান ইসতিয়াক আহমদ ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়েজ উল্লাহ। কমিটি শেভরনের প্রস্তাব এবং পেট্রোবাংলার আগের কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন জমা দেবে।
জ্বালানি বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসারে শেভরনের বিনিয়োগ প্রস্তাবের সঙ্গে পেট্রোবাংলার পূর্ববর্তী প্রতিবেদনসহ সব বিষয় পর্যালোচনা করে সুপারিশ প্রতিবেদন জমা দেবে। তবে কখন প্রতিবেদন জমা দিতে হবে, তা ঠিক করা হয়নি।
কমিটির একজন সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, “আমরা শেভরনের প্রস্তাব যাচাই করছি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। তবে দ্রুতই প্রতিবেদন জমা হবে।” শেভরন বাংলাদেশ অনশোর ব্লক-১১ ও ১২ এলাকায় মোট ৬ হাজার ২২৬ বর্গকিলোমিটার এলাকায় এককভাবে কাজ করতে চায়। এই এলাকায় তারা নতুন অনুসন্ধান কার্যক্রম চালাবে। প্রস্তাবটি কোনো দরপত্রের আওতায় নয়।
গত বছরের ৪ ডিসেম্বর শেভরন আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি জ্বালানি বিভাগে জমা দেয়। অনশোর পিএসসির আওতায় দরপত্র আহ্বান করলে পেট্রোবাংলা শেভরনকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। তবে দরপত্র আহ্বান করা হয়নি। এরপর বিভিন্ন সময় শেভরনের প্রস্তাব ও পেট্রোবাংলার মূল্যায়ন নিয়ে আলোচনা চলেছে। নতুন করে কেন এই প্রস্তাব পর্যালোচনার উদ্যোগ নেওয়া হলো, তা স্পষ্ট করে বলা যায়নি পেট্রোবাংলার কর্মকর্তারা।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব বলেন, “শেভরনের প্রস্তাব পর্যালোচনার জন্য মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটি কাজ করছে।” হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্র তিনটি ব্লকে (নম্বর ১২, ১৩, ১৪) বিভক্ত। শেভরন এই ব্লকে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে। ১২ নম্বর ব্লকের কিছু অংশ শেভরন ছেড়ে দিয়েছিল। এখন তারা ওই অংশ ও ১১ নম্বর ব্লকের (সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ) এলাকায় অনুসন্ধান করতে চায়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শেভরনের প্রস্তাব পুরনো হলেও তা বিভিন্ন সময় সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। বিশেষ আইন বাতিল হওয়ায় এককভাবে কাজ পাওয়ার সুযোগ নেই। পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু বিনা দরপত্র নয়, গ্যাসের দামের বিষয়েও শেভরনের প্রস্তাব আছে। তারা অনশোর গ্যাসের জন্য অফশোর মডেলের মূল্য কাঠামো চাইছে। এতে ঝুঁকি কম ও দাম তুলনামূলক সাশ্রয়ী হবে।
শেভরনের প্রস্তাবটি অফশোর মডেল পিএসসি ২০২৩ কাঠামোর। এতে গ্যাসের দাম ব্রেন্ট ক্রুডের ১০ শতাংশ হিসেবে ধরা হয়। উদাহরণস্বরূপ, ব্রেন্ট ১০০ ডলার হলে গ্যাসের দাম হবে ১০ ডলার প্রতি এমসিএফ। বর্তমানে তারা বিবিয়ানা থেকে ২.৭৬ ডলার প্রতি এমসিএফ দরে গ্যাস বিক্রি করছে।
শেভরন বর্তমানে বাংলাদেশে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলন করছে। বিবিয়ানা ও জালালাবাদের চুক্তির মেয়াদ ২০৩৪ সাল পর্যন্ত, মৌলভীবাজারের ২০৩৮ সাল পর্যন্ত। এই তিন ফিল্ড থেকে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, যা দেশের মোট সরবরাহের ৩৮ শতাংশের বেশি। নতুন গ্যাস অনুসন্ধান এলাকা বাড়িয়ে শেভরন দেশের গ্যাস খাত সম্প্রসারণে সহায়তা করতে চায়। দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধির কারণে সরবরাহ কমছে। দৈনিক চাহিদা ও সরবরাহের মধ্যে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের বেশি ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণে কয়েক বছর ধরে চেষ্টা চালানো হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
দেশের অফশোরে গ্যাস অনুসন্ধান জন্য দরপত্র আহ্বান করা হলেও কোনো কোম্পানি অংশ নেয়নি। নতুন দরপত্র আহ্বানের নির্দিষ্ট সময়সীমা পেট্রোবাংলা দিতে পারছে না। এই পরিস্থিতিতে, দেশের গ্যাস সরবরাহে বড় অংশ দিচ্ছে শেভরন। বিশেষজ্ঞরা মনে করেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ না হলে শেভরনের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।
ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, “অনশোরে গ্যাস অনুসন্ধানে বড় কোনো কোম্পানি আগ্রহী হলে সরকারের উচিত তাদের প্রস্তাব স্বাগত জানানো। দক্ষতা ও বৈশ্বিকভাবে কোনো নেতিবাচক ইতিহাস না থাকলে প্রস্তাব গ্রহণ করা উচিত। দ্রুত গ্যাস পেলে বিদেশ থেকে উচ্চমূল্যের এলএনজি আমদানি কমানো সম্ভব হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।”
বিনা দরপত্রে শেভরনের কাজ পাওয়ার প্রস্তাব কেন আলোচনায় এসেছে এবং কাজ দেওয়া হবে কি না, তা সম্পর্কে পেট্রোবাংলার শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট কিছু জানাতে পারেননি। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, “একটি কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদন আসার পর সিদ্ধান্ত জানানো হবে।

