আগামী নির্বাচনের প্রেক্ষাপটে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। এনবিআরের একাধিক সূত্র নিশ্চিত করেছে, অনলাইনে রিটার্ন জমার সংখ্যা বাড়াতে সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী মূল সময়সীমা ৩০ নভেম্বর।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে করদাতাদের আরও সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। এছাড়া অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় করদাতাদের প্রস্তুতির জন্যও অতিরিক্ত সময় দেওয়া হতে পারে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “সময় বাড়ানোর বিষয়ে এখনই কিছু বলা যাবে না। এটি একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। প্রথমবারের মতো আমরা অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছি। তাই এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”
চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করেছে।

