চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৩৫ কিলোমিটার রেলপথ আধুনিকায়ন ও নতুন নির্মাণে ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ জন্য বাংলাদেশকে ৬৮ দশমিক ৮ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৪০৫ কোটি টাকা, প্রতি ডলার ১২২ দশমিক ১৭ টাকা হিসাবে।
গতকাল সোমবার, (২২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং চুক্তিতে সই করেন।
এডিবি জানায়, প্রকল্পের আওতায় চট্টগ্রাম–দোহাজারী রেলপথের উন্নয়নের পাশাপাশি ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস নির্মাণ করা হবে। এই বাইপাস চালু হলে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনগুলো চট্টগ্রাম স্টেশনে না থেমেই চলাচল করতে পারবে। এতে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, এই প্রকল্প ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগের সক্ষমতা এবং নির্ভরযোগ্যতা বাড়াবে। এটি পর্যটন ও মৎস্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শক্তিশালী পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে এই বিনিয়োগ সহায়ক হবে। তিনি জানান, ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে এই করিডোর দিয়ে বর্তমানে দেশের মোট যাত্রীর প্রায় ৩২ শতাংশ এবং পণ্যের ৫৫ শতাংশ পরিবহন হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রকল্পের মাধ্যমে ৩৫ কিলোমিটার রেলপথে ট্র্যাক উঁচুকরণ করা হবে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং আধুনিক সিগন্যালিং সিস্টেম চালু করা হবে। পাশাপাশি ৩০টি জ্বালানি সাশ্রয়ী লোকোমোটিভ কেনা হবে, যা কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করবে। তিনটি স্টেশনকে আধুনিক ও ব্যবহারবান্ধব করে গড়ে তোলা হবে, যেখানে বেসরকারি বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

