দেশের স্বর্ণের বাজারে নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ প্রতি ভরিতে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ভালো মানের স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজুস জানায়, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করা হয়। ঘোষিত দাম আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৫০ ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকায়, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৯৯ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।
স্বর্ণ ও রুপার এই মূল্যবৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

