জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে থাকা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য ৩৫ হাজার ৪৬৫ কোটি ১৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ২১ হাজার ২৭৭ কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকা যোগ হবে। একনেক সভার চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, নতুন প্রকল্পের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমাতে চট্টগ্রামে ২০টি নতুন প্রসেসিং ইউনিট স্থাপন করা হবে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি বর্তমানে বছরে ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করতে সক্ষম। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এ ক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত হবে।
এই দিনে একনেক মোট ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। নতুন ১৪টি প্রকল্প এবং সংশোধিত পাঁচটি প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। সভায় তিনটি প্রকল্পের মেয়াদও বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা চতুর্থবারের মত বাড়ানো হলো।
সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সমবায়, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম; ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন।
অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প:
দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের নতুন প্রকল্প হিসেবে অনুমোদন পায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকার ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের সংযোগ সড়ক উন্নয়ন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৯৯ লাখ টাকা। এর পাশাপাশি ‘দিনাজপুর হিলি-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক’ ও ‘ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন উন্নয়ন’ প্রকল্পও অনুমোদিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নারায়ণগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন প্রকল্প অনুমোদন করেছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অবকাঠামো উন্নয়ন এবং সাভারের আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রকল্প অনুমোদন পেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নার্সিং এডুকেশন ও রিসার্চ কেন্দ্র উন্নয়ন, শিক্ষা মন্ত্রণালয় হাছী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
পানি সম্পদ মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী নদী ও সংযুক্ত নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের পুনর্বাসন এবং সুরমা-কুশিয়ারা নদীর অববাহিকার উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্প অনুমোদন পায়। ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট’, কৃষি মন্ত্রণালয়ের বগুড়া কৃষি অঞ্চলের টেকসই উন্নয়ন ও ধর্ম মন্ত্রণালয়ের দারুল আরকাম ইসলামী শিক্ষা প্রকল্পও একনেকের অনুমোদন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

