ধর্মপ্রাণ মানুষদের সুবিধা নিশ্চিত করতে সরকার আসন্ন রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানিতে শুল্ক কমিয়েছে। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহজলভ্য করার লক্ষ্যে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সরকার গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আজ বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।
এছাড়া, পূর্ববর্তী বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফলের আমদানি কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর খেজুর ও অন্যান্য ফল আমদানিতে ৫০ শতাংশ অগ্রিম আয়কর ছাড় দেওয়া হয়েছিল, যা এ বছরও বজায় থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের বিশ্বাস, খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর ছাড়ের ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ থাকবে পর্যাপ্ত এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

