নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় অবদান রেখেছে চাল। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সর্বশেষ মাসিক অর্থনৈতিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল ৪০ দশমিক ২৮ শতাংশ। আগের মাস অক্টোবরে এই অবদান ছিল আরও বেশি, ৪৭ দশমিক শূন্য ১ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতিতে একই সময়ে মাছের অবদান ছিল ৪০ দশমিক ৭৭ শতাংশ। আর মাংসের অবদান দাঁড়িয়েছে ১০ দশমিক ৮১ শতাংশে।অক্টোবর মাসের মতো নভেম্বরেও সার্বিক খাদ্য মূল্যস্ফীতি কমাতে সবচেয়ে বেশি সহায়তা করেছে শাকসবজি।
জিইডির প্রতিবেদনে রাজস্ব আদায়ের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে রাজস্ব আদায় লক্ষ্যের তুলনায় কম হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এর অংশ হিসেবে নভেম্বর মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩৬ হাজার ৩২৬ কোটি টাকা। তবে বাস্তবে ওই মাসে রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৬৫৮ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮ কোটি টাকা।
রাজস্ব ঘাটতির পেছনে কয়েকটি খাতের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আমদানি পর্যায়ে লক্ষ্যের তুলনায় ১ হাজার ৩৬২ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে ভ্যাট খাতে আদায় কমেছে ২ হাজার ৫৪৯ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর খাতেও ঘাটতি ছিল ২ হাজার ৭৫৭ কোটি টাকা।
প্রতিবেদনে মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির ব্যবধানের তথ্যও দেওয়া হয়েছে। অক্টোবর মাসে এই ব্যবধান কিছুটা কমলেও নভেম্বর মাসে তা আবার বেড়েছে। নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার অক্টোবর মাসে ছিল ৮ দশমিক শূন্য ১ শতাংশ। নভেম্বরে তা সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।
ব্যাংকিং খাতের তথ্যেও কিছু ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। অক্টোবর মাসে ব্যাংক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৪ হাজার কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। এর আগে আগস্ট মাসে আমানত বেড়েছিল ১০ শতাংশের বেশি। সেপ্টেম্বরে প্রবৃদ্ধি কিছুটা কমে ৯ দশমিক ৯৮ শতাংশে নেমে আসে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টানা তিন মাস আমানত বৃদ্ধিকে ব্যাংকিং খাতে আমানতকারীদের আস্থা বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে জিইডি। তবে নভেম্বর মাসের আমানতসংক্রান্ত তথ্য এখনো প্রকাশ হয়নি।
ঋণ প্রবৃদ্ধির ক্ষেত্রেও কিছুটা শ্লথগতি দেখা গেছে। জিইডির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতের ঋণ বৃদ্ধি সেপ্টেম্বর মাসে ২৪ দশমিক ৪৫ শতাংশ থেকে কমে ২১ দশমিক ৪৩ শতাংশে নেমেছে। একই সময়ে বেসরকারি খাতের ঋণ বৃদ্ধিও সামান্য কমেছে। এই খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ২৯ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। প্রতিবেদনটি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ।

