বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির ১৮৯ সদস্য দেশের মধ্যে অর্থনীতির আকার বিবেচনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া ১০টি দেশের একটি বাংলাদেশ। দেশে শিক্ষায় মোট দেশজ উৎপাদনের দুই শতাংশেরও কম বরাদ্দ থাকে। দীর্ঘদিন ধরেই এই বরাদ্দ নিয়ে অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের সমালোচনা রয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বরাদ্দ আগের অর্থবছরের তুলনায় কমানো হয় ৯ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যেই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে প্রায় ১০ হাজার কোটি টাকা কমছে শিক্ষা খাতের বরাদ্দ।
পরিকল্পনা কমিশনের প্রস্তুত করা আরএডিপির খসড়া অনুযায়ী, সংশোধিত এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমানো হচ্ছে ৩৪ দশমিক ৭৭ শতাংশ। টাকার অঙ্কে এই কাটছাঁটের পরিমাণ ৯ হাজার ৯৩০ কোটি টাকা। ফলে সংশোধিত এডিপিতে শিক্ষা খাতে চূড়ান্ত বরাদ্দ দাঁড়াবে ১৮ হাজার ৬২৮ কোটি টাকা। মূল এডিপিতে এই বরাদ্দ ছিল ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী সমকালকে বলেন, শিক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ এমনিতেই লজ্জাজনকভাবে কম। দক্ষিণ এশিয়ায়ও অর্থনীতির আকার অনুযায়ী এত কম বরাদ্দ আর কোনো দেশের নেই। তার ওপর মাঝপথে এসে বরাদ্দ আরও কমিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, নীতিনির্ধারকেরা এখনো শিক্ষায় বিনিয়োগকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন না। এটিকে কেবল একটি খরচের খাত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এ বিষয়ে বড় প্রত্যাশা থাকলেও সেই সীমাবদ্ধতা কাটেনি। পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় শিক্ষার মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে।
রাশেদা কে. চৌধুরীর মতে, শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ কম থাকায় পারিবারিক ব্যয় দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, শিক্ষাব্যয়ের প্রায় ৭০ শতাংশই বহন করছে ব্যক্তি খাত। এত বড় ব্যয় সবার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তা প্রায় অসম্ভব। অথচ গত কয়েক দশকে শিক্ষার চাহিদা বেড়েছে। প্রায় সব অভিভাবকই সন্তানকে শিক্ষিত করতে চান। কিন্তু সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
তিনি আরও বলেন, সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানোর একটি কারণ হতে পারে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। তবে এটিও সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতে যথাযথ গুরুত্ব না দেওয়ার ফল।
বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা ও গত পাঁচ মাসের বাস্তবায়ন পরিস্থিতি বিশ্লেষণ করে আরএডিপির খসড়া তৈরি করে পরিকল্পনা কমিশন। কমিশনের এই খসড়া পর্যালোচনা শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি তা অনুমোদন করে থাকে। কমিশন সূত্র জানিয়েছে, আগামী মাসের মাঝামাঝি এনইসি বৈঠক হতে পারে।
আরএডিপির খসড়া বরাদ্দ বিভাজনে দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যয় কমছে ৪৭ শতাংশ। এতে এই বিভাগের বরাদ্দ কমবে ৫ হাজার ৬০২ কোটি টাকা। সংশোধনের পর মোট বরাদ্দ দাঁড়াবে ৬ হাজার ৩১৫ কোটি টাকা। মূল এডিপিতে যা ছিল ১১ হাজার ৯১৭ কোটি টাকা।
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো হচ্ছে। সংশোধিত এডিপিতে এ মন্ত্রণালয়ের সঙ্গে যোগ হচ্ছে আরও ২ হাজার ২৫১ কোটি টাকা। ফলে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৮ হাজার ৫৪ কোটি টাকা। এডিপির তুলনায় বরাদ্দ বাড়ছে ৩৮ দশমিক ৭৮ শতাংশ। চলতি অর্থবছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ৫ হাজার ৮০৩ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগেও বরাদ্দ সামান্য বাড়ছে। এই বিভাগে বরাদ্দ বাড়ানো হচ্ছে ১ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে বাড়ছে ৫৩ কোটি টাকা। ফলে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৩ হাজার ১৩৩ কোটি টাকা। মূল এডিপিতে যা ছিল ৩ হাজার ৮০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে শিক্ষা খাতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে এডিপি বাস্তবায়ন সন্তোষজনক নয়। এ কারণেই সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হচ্ছে।
আইএমইডির প্রতিবেদনে বলা হয়, এই সময়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের হার ছিল মাত্র ৯ দশমিক ৬৬ শতাংশ। ১১ হাজার ৯১৭ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ১৫১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ অর্থ এখনো বাস্তবায়নের বাইরে রয়েছে।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত সর্বোচ্চ বরাদ্দের ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অবস্থান চতুর্থ। এই ১৫টি মন্ত্রণালয়ের জন্য এডিপির মোট বরাদ্দ ৭৪ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অংশ ৪ দশমিক ৯৯ শতাংশ। এই মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ৫৬টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিস্থিতিও খুব একটা ভালো নয়। গত পাঁচ মাসে বরাদ্দের মাত্র ১৩ দশমিক ৯১ শতাংশ ব্যয় হয়েছে। টাকার অঙ্কে যা ৮০৭ কোটি। এই বিভাগের মোট বরাদ্দ ৫ হাজার ৮০৩ কোটি টাকা। বর্তমানে ছয়টি প্রকল্প এই বিভাগের অধীনে বাস্তবায়ন হচ্ছে। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এই বিভাগের অবস্থান ১৩তম।

