চলতি অর্থবছরের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এটি মূল বাজেটে ধার্য ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার তুলনায় ২৪ হাজার কোটি টাকা বেশি।
গত বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে। এ প্রেক্ষাপটে সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্য বাড়ানো হয়েছে। এর মধ্যে এনবিআর ৫ লাখ ৩ হাজার কোটি টাকা আদায় করবে। কর-বহির্ভূত রাজস্ব থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা এবং এনবিআর-বহির্ভূত অন্যান্য উৎস থেকে সংগ্রহ হবে ২০ হাজার কোটি টাকা।
তিনি আরও জানান, সংশোধিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা, যা মূল বাজেটের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার তুলনায় সামান্য কম। সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ।

