ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার পর অধিকাংশ খাতে ঋণের সুদহার বেড়েছে। তবে আবাসন ঋণের ক্ষেত্রে সেই চাপ তুলনামূলকভাবে কম। স্থিতিশীল সুদহার ও বিশেষ ছাড়ের কারণে আবাসন খাতে ঋণের প্রবাহ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে চলমান রিহ্যাব ফেয়ার-২০২৫-এ। রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রায় সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরাসরি ঋণ সহায়তা দিচ্ছে।
বর্তমানে ব্যাংকগুলো সর্বোচ্চ ১৩ শতাংশ সুদে আবাসন ঋণ দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ১৫ শতাংশ। তবে মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান সুদহার কমিয়ে বিশেষ অফার ঘোষণা করেছে। এতে ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে গ্রামীণ এলাকায় আবাসন ঋণের গ্রাহক ছিলেন ৪৬ হাজার ৩০ জন। তখন ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮২৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে গ্রাহকসংখ্যা কমে দাঁড়ায় ৪৪ হাজার ৭৪৩ জনে। একই সময়ে ঋণের পরিমাণ নেমে আসে ৩ হাজার ৭০৮ কোটি টাকায়।
শহর এলাকায় চিত্র ভিন্ন। জুনে শহরাঞ্চলে আবাসন ঋণের গ্রাহক ছিলেন ৯৩ হাজার ৮৭৮ জন। ঋণের পরিমাণ ছিল ৩১ হাজার ৪২৫ কোটি টাকা। সেপ্টেম্বরে গ্রাহক সংখ্যা সামান্য কমে ৯৩ হাজার ৩৮১ জনে নামলেও ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৬৫ কোটি টাকায়।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য বলছে, ২০২৫ সালের জুন শেষে ভোক্তা ঋণ বছরওয়ারি ২৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে আবাসন ঋণেই সবচেয়ে বেশি, প্রায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যাংক থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ নেওয়ার সুযোগ রয়েছে।
করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে আবাসন খাতে বড় ধরনের মন্দা দেখা দেয়। পরবর্তী সময়ে সুদহার কমায় খাতটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তখন থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জেলা শহরগুলোতে আবাসন ঋণ বিতরণে বাড়তি গুরুত্ব দিতে শুরু করে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে আবাসন ঋণ তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত। এ ধরনের ঋণ দ্রুত খেলাপি হয় না। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত গ্রাহকের নামে ফ্ল্যাট সম্পূর্ণভাবে রেজিস্ট্রি করা যায় না। এতে গ্রাহকেরা ঋণ পরিশোধে সচেতন থাকেন।
মধ্যবিত্ত, চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছে নিজের একটি ফ্ল্যাট থাকা দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আবাসন ঋণ বড় ভূমিকা রাখছে। এ কারণে প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা দিচ্ছে। ঋণ দেওয়ার আগে গ্রাহকের পরিচয়, আয়ের উৎস এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হচ্ছে।
রিহ্যাব ফেয়ার-২০২৫ উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানা বিশেষ ছাড়। গৃহঋণে বুকিং দিলেই অনেক ক্ষেত্রে প্রসেসিং ফি সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে। পাশাপাশি মোট ঋণের ওপরও দেওয়া হচ্ছে বিশেষ ডিসকাউন্ট।
আইডিএলসির কর্মকর্তা কাজী আরিফ জানান, মেলা উপলক্ষে ১০ দশমিক ৯৯ শতাংশ সুদে গৃহঋণ দেওয়া হচ্ছে। সাধারণ সময়ে এই হার ১১ দশমিক ৫৭ শতাংশ। এখানে ঋণের অঙ্কের কোনো সীমা নেই।
সিটি ব্যাংকের প্যাভিলিয়নে গৃহঋণের আবেদন করলেই প্রসেসিং ফিতে কোনো চার্জ নেওয়া হচ্ছে না। পাশাপাশি মোট ঋণে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলা উপলক্ষে ব্যাংকগুলো ১০ দশমিক ৫০ শতাংশ থেকে ১২ শতাংশ সুদহারে গৃহঋণ দিচ্ছে।
সিটি ব্যাংকের সহকারী রিলেশন অফিসার মুসা জানান, মেলা উপলক্ষে ১১ দশমিক ৫০ শতাংশ সুদহারে গৃহঋণ এবং মোট ঋণে ৭৫ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
ব্যাংক এশিয়ার সিনিয়র রিলেশন অফিসার ফারুক হোসেন বলেন, সাড়ে ১০ শতাংশ পর্যন্ত সুদহারে সর্বোচ্চ ২ কোটি টাকা গৃহঋণ নেওয়ার সুযোগ রয়েছে। প্রসেসিং ফি ও আরলি সেটেলমেন্ট ফি পুরোপুরি বিনামূল্যে রাখা হয়েছে।
আবাসন মেলায় মিডল্যান্ড ব্যাংক ১০ দশমিক ৯৯ শতাংশ সুদে গৃহঋণের ব্যবস্থা রেখেছে। মেলা উপলক্ষে বিভিন্ন ফি মওকুফ করা হচ্ছে। মিডল্যান্ড ব্যাংকের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার উজ্জ্বল জানান, বুকিং দিলেই প্রসেসিং ফি ও বিভিন্ন হিডেন চার্জ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। এই সুবিধা শুধু মেলার সময়েই পাওয়া যাবে।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় আবাসন প্রদর্শনী রিহ্যাব ফেয়ার-২০২৫-এর তৃতীয় দিন আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির কারণে সকাল থেকেই দর্শনার্থীর ভিড় দেখা গেছে।
আয়োজকদের মতে, নতুন ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ প্রকাশের পর আবাসন খাতে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। সন্ধ্যার পর প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে র্যাফেল ড্র। এতে দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

