দেশের আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা নিজেদের নিয়মকানুন অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। ফলে সময় নষ্ট হয় এবং অনেক ক্ষেত্রেই বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। এছাড়া, প্রতিটি সংস্থা ভিন্ন ডেটাবেস ব্যবহার করে এবং এক সংস্থা থেকে অন্য সংস্থায় তথ্য আদান-প্রদানের কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। ফলে তথ্য চাওয়ার সময় দীর্ঘসূত্রতার শিকার হতে হয়।
এ ধরনের সমস্যা দূর করতে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো সম্প্রতি তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একমত হয়েছে। এগুলো হলো—
-
নিরীক্ষক ও নিরীক্ষা ফার্মের সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) অধীনে।
-
কমন রিপোর্ট সাবমিশন পোর্টাল তৈরি, যাতে সব নিয়ন্ত্রক সংস্থার জন্য একই প্ল্যাটফর্মে রিপোর্ট জমা দেওয়া যায়।
-
কমন ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি, যা নিয়ন্ত্রক সংস্থা ও পেশাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রিয়েল টাইম তথ্য শেয়ারিং নিশ্চিত করবে।
সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে শক্তিশালী করা এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও পেশাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাঠামোগত ও সমন্বিত সহযোগিতা নিশ্চিতকরণ’ শীর্ষক সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে অবস্থিত এফআরসির সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এফআরসি, বিএসইসি, আইডিআরএ, আরজেএসসি, এমআরএ, এনবিআরসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধান বা প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে শুধু তিনটি সিদ্ধান্ত নয়, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারস্পরিক বোঝাপড়া ও কাঠামোগত সহযোগিতার বিষয়েও একমত পোষণ করা হয়।
এফআরসি চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জানান, অটোসংযোগ স্থাপনের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা বৃদ্ধি পাবে। তথ্য গোপনের প্রবণতাও কমবে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী হবে এবং শেয়ারবাজারে কোম্পানির শেয়ার মূল্যায়নে কারচুপির সুযোগ বন্ধ হবে।
সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্ট:
বর্তমানে নিরীক্ষকরা এফআরসিসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অধীনে আলাদাভাবে তালিকাভুক্ত হতে হয়। একই তথ্য ও দলিলাদি বারবার জমা দিতে হয় এবং প্রতিবার নবায়ন প্রক্রিয়ার জটিলতা পোহাতে হয়। একজন নিরীক্ষককে সর্বমোট ৩৩টি শর্ত ও ৪৮টি ডকুমেন্ট জমা দিতে হয়।
এফআরসির অধীনে সিঙ্গেল পয়েন্ট তালিকাভুক্তি চালু হলে এই জটিলতা কমবে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সিকিউরিটিজ আইন অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির নিরীক্ষার ক্ষেত্রে বিএসইসির অনুমোদন আবশ্যক। বাংলাদেশ ব্যাংক ও আইডিআরএও সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্টের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে।
এফআরসি চেয়ারম্যান জানান, তালিকাভুক্তির জন্য প্রযোজ্য শর্তাবলি সব নিয়ন্ত্রক সংস্থায় পাঠানো হবে। তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সিঙ্গেল পয়েন্ট তালিকাভুক্তি শুরু হবে। সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি। এফআরসি লিড এজেন্সি হিসেবে কাজ করবে।
কমন রিপোর্ট সাবমিশন পোর্টাল:
বর্তমানে সব নিয়ন্ত্রক সংস্থা তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ও অন্যান্য আর্থিক প্রতিবেদন যাচাই করে। কিন্তু হিসাব দাখিলের কোনো কমন প্ল্যাটফর্ম নেই। এফআরসি প্রস্তাব করেছে, একটি কমন রিপোর্টিং পোর্টাল তৈরি হবে। এতে সব সংস্থার জন্য একই প্ল্যাটফর্মে প্রতিবেদন জমা দেওয়া যাবে। বৈঠকে এফআরসি, এনবিআর ও বিএসইসি যৌথভাবে লিড এজেন্সি হিসেবে কাজ করবে এবং আগামী ২০ জানুয়ারি এর বাস্তবায়ন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমন ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম:
নিয়ন্ত্রক সংস্থা ও পেশাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রিয়েল টাইম তথ্য শেয়ারিং সহজ করার জন্য একটি কমন ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এতে তথ্য আদান-প্রদানের সময় কমবে এবং দীর্ঘসূত্রতার অবসান ঘটবে। সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি। লিড এজেন্সি হিসেবে এফআরসি, এনবিআর ও বিএসইসি কাজ করবে।

