জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবে। এর আগে এই সময়সীমা এক মাস বাড়ানো হয়েছিল।
সাধারণত আয়কর রিটার্ন জমার শেষ দিন ৩০ নভেম্বর। তবে প্রতিবছর এনবিআর একাধিকবার সময়সীমা বৃদ্ধি করে থাকে। এবার কিছু ব্যতিক্রম ছাড়া সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।
অনলাইনে রিটার্ন দেওয়ার ধাপ , করদাতাদের ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রিটার্ন জমা দেওয়া যাবে।
অনলাইনে রিটার্ন দেওয়ার জন্য কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। শুধু প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। তবে যে কাগজপত্রের তথ্য দেওয়া হয়েছে, তা সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে নিরীক্ষা বা অন্য প্রয়োজনে তা কাজে লাগতে পারে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।

